পরিবেশ রক্ষা করে শিল্প গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরিবেশের দিকে খেয়াল রেখে শিল্পাঞ্চল প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বডির বৈঠকে তিনি এই নির্দেশ দেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, শিল্পাঞ্চল জলাধারের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন।
উপকূলীয় অঞ্চলের শিল্পাঞ্চলে ঝাউ গাছ লাগানো এবং কৃত্রিম ম্যানগ্রোভ বন তৈরির কথাও বলেন শেখ হাসিনা।
এছাড়া শিল্পাঞ্চলগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
মীরেরসরাই থেকে কক্সবাজার পর্ন্ত মেরিন ড্রাইভ নির্মাণেরও কথাও এই বৈঠকে বলেন শেখ হাসিনা।
বৈঠকের শুরুতেই বেজার নির্বাহী চেয়ারম্যান পবণ চৌধুরী প্রতিষ্ঠানের কার্ক্রম তুলে ধরেন।
২০১৭ সালেল ৫ জানুয়ারি হয়ে যাওয়া বেজার পঞ্চম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়ল আহমেদ, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।
