২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইকোনো কামালের’ জামিন আবেদন ৩১ জুলাই পর্যন্ত মুলতবি

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়া বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ওরফে কাজী কামালের জামিন আবেদন ৩১ জুলাই পর্যন্ত মুলতবি রেখেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2018, 01:23 PM

Updated : 08 Apr 2022, 06:25 PM

জামিন আবেদনের ওপর শুনানির পর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক। দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

খুরশীদ আলম খান পরে সাংবাদিকদের বলেন, ‘আগামী ৩১ জুলাই পর্যন্ত আদালত তার জামিন আবেদনটি স্ট্যান্ডওভার রেখে দিয়েছে। এর অর্থ হলো তিনি জামিন পাননি। তাছাড়া আপিল বিভাগের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ৩১ জুলাইয়ের মধ্যে এ মামলার আপিল নিষ্পত্তি করতে হবে।’

দুদকের এই আইনজীবী বলেন, জামিন আবেদনে তার (কাজী সালিমুল হক কামাল) আইনজীবীরা বলেছেন যে, তিনি সাবেক সংসদ সদস্য, সামাজিক মর্যাদাসম্পন্ন ব্যক্তি। একটি ব্যাংকের সাবেক চেয়ারম্যানও ছিলেন তিনি।  তার আবেদন মঞ্জুর করা হোক।

“জবাবে বলেছি, যারা এতিমের টাকা মেরে দণ্ডিত হয়, তাদের আবার কিসের সামাজিক মর্যাদা? আপিল বিভাগ ৩১ জুলাই সময় বেঁধে দিয়েছে, সে পর‌্যন্ত তিনি অপেক্ষা করুক। আপিল নিষ্পত্তি হলে দণ্ড বহালও থাকতে পারে আবার তিনি খালাসও পেতে পারেন। এরপর আদালত তার জামিন আবেদন ৩১ জুলাই পর্যন্ত স্ট্যান্ডওভার রাখে।”

এ মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়াসহ ছয়জনের মধ্যে কারাবন্দি তিন জনেরই আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাই কোর্ট। বাকি তিন আসামি পলাতক।

আদালত এই তিন আসামির আপিল শুনানি এবং খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদকের রিভিশন আবেদনে জারি করা রুলের শুনানি একইসঙ্গে হবে।

খালেদা জিয়া ছাড়া অন্য দুই আপিলকারী হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ওরফে কাজী কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

দণ্ডিত পলাতক আসামিরা হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান মামলাটিতে খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন।

এছাড়া খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেন।

রায় ঘোষণার ১১ দিন পর গত ১৯ ফেব্রুয়ারি রায়ের প্রত্যায়িত অনুলিপি পেয়ে ২০ ফেব্রুয়ারি হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলের আবেদন দাখিল করেন। ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করে অর্থদণ্ড স্থগিত করে হাই কোর্ট বিচারকি আদালতের নথি তলব করে।

এরপর ৭ মার্চ কাজী সালিমুল হক কামালের আপিলও শুনানির জন্য গ্রহণ করে হাই কোর্ট। ১০ মে শরফুদ্দিনের আপিল গ্রহণ করে উচ্চ আদালত।