২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসায়নিক ছিটিয়ে ‘পাকানো’ হচ্ছিল আম

রাজধানীর কারওয়ান বাজারের ফলের আড়তে অভিযান চালিয়ে রাসায়নিক মেশানো ৬০০ মণ আম জব্দের পর ধ্বংস করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2018, 08:18 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

র‌্যাবের ভাষ্য, কাঁচা আম সংগ্রহ করে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ছিটানো হচ্ছিল সেখানে।

মঙ্গলবারের অভিযানে ক্ষতিকর এসব আম ধ্বংস করা ছাড়াও আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।

সকাল সোয়া ৭টা থেকে বিকাল তিনটা পর‌্যন্ত অভিযান চালানো হয় বলে জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযানে মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইর ফিল্ড অফিসার মো. মাজহারুল ইসলাম ও মো. শরীফ হোসেন সহযোগিতা করেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন ধরেই তাদের কাছে কারওয়ান বাজারে অপরিপক্ক আমে রাসায়নিক মেশানোর খবর ছিল ।

এই খবরের ভিত্তিতে অভিযানের সিদ্ধান্ত হয় জানিয়ে তিনি বলেন, “অভিযানে দেখা গেছে, বিভিন্ন জেলা থেকে আনা অপরিপক্ক কাঁচা আম ঝুড়িতে রেখে মাত্রাতিরিক্ত ক্ষতিকারক ইথোফেন, কার্বাইড ও অন্যান্য রাসায়নিক উপাদান স্প্রে করা হচ্ছে। নিষিদ্ধ এসব রাসায়নিক ছিটানোর ফলে দুই-একদিনের মধ্যে আম হলুদ বর্ণ ধারণ করে।”

তিনি আরো জানান, প্রথমে ৪০০ মণ আম পাওয়া যায়। পরে আরেকটি গুদামে আরো ২০০ মণ আম পাওয়া যায়।

পরে সেগুলো ধ্বংস করা হয়। 

এসময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার এবং সরকার কর্তৃক নির্ধারিত সময়ের আগে বাজারে আম এনে বিক্রির প্রস্তুতি নেওয়ার অভিযোগে আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

এদর মধ্যে হজরত আলীকে দুই মাস এবং মো. কামাল, টিটু খান, মো. লিটন, জাহিদ হাসান, এমদাদুল হক মিলন, নূরুল আলম ও হাবিব দেওয়ানকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, সাতক্ষীরা এলাকার আম ২২ মের আগে এবং রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জের আম ৫ জুনের আগে বাজারে আনায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।