২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ এনজিওকর্মীর লাশ বালু নদী থেকে উদ্ধার

বেসরকারি সংস্থা ‘আশা’র নিখোঁজ এক কর্মীর লাশ রাজধানীর বালু নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2018, 08:20 PM

Updated : 08 Apr 2022, 06:22 PM

পুলিশ জানিয়েছে, ‘আশা’র জুনিয়র ঋণ কর্মকর্তা বেলাল হোসেন (২৯) গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন বলে । নিখোঁজ হওয়ার সময় তার কাছে এক লাখ ৩০ হাজার টাকা ছিল।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার বেলা আড়াইটার পর থেকে বেলাল হোসেনের খোঁজ পাওয়া যাচ্ছিলনা। তার মোবাইল ফোনে রিং হলেও কেউ ধরছিলনা। কখনো আবার ফোন বন্ধ পাওয়া যেত।”

পরিবার এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তাকে না পেয়ে রোববার একটি সাধারণ ডায়েরি করা হয় বলে জানান ওসি।

“পুলিশ তদন্তে নেমে দেখে রোববার বিকাল পৌনে ৪টার দিকে বেলাল হোসেনের সর্বশেষ অবস্থান বাড্ডা বাজারের কাছে ছিল।

“সোমবার সকালে খবর আসে খিলগাঁওয়ের বাবুর জায়গা নামক স্থানে বালু নদীর পাড়ে পেটকাটা একটি লাশ পড়ে আছে।”

লাশের পেটে ভারী বস্তু ভরে নদীতে ফেলে দেওয়া হয়েছিল জানিয়ে ওসি বলেন, লাশের হাত এবং মুখের অংশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে স্বজন এবং প্রতিষ্ঠানের লোকজন এসে লাশ শনাক্ত করেন।

বেলাল হোসেনের বাড়ী বগুড়ার গাবতলীতে। খিলগাঁও তালতলা মার্কেট এলাকায় ‘আশা’র কার‌্যালয়ের কাছে তিনি থাকতেন।