২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণ কেন নয়, হাই কোর্টের রুল

যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2018, 07:37 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

পুরনো খবর:

ফ্লাইওভারে বাসচাপায় যুবকের পা বিচ্ছিন্ন

সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতির করা রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন খন্দকার শামসুল হক রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্ষতিপূরণ হিসেবে কোটি টাকা দেওয়ার প্রশ্নে রুল জারির পাশাপাশি যাত্রী সাধারণের চলাচলে বিদ্যমান ট্র্যাফিক আইন কঠোরভাবে কার‌্যকরের নির্দেশ কেন দেওয়া হবে না এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে প্রয়োজনে আইন সংশোধন ও নতুন করে বিধিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।”

চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার ও গ্রিনলাইন পরিবহনসহ আট বিবাদিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

গত ২৮ এপ্রিল ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

রাসেল একটি প্রাইভেটকার চালাচ্ছিলেন। তার গাড়িতে বাসটি ধাক্কা দিলে তার প্রতিবাদ জানাতে বাসটি থামাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাসটি তার উপর দিয়েই চালিয়ে দেয়।

পরে গ্রিনলাইনের বাস এবং তার চালককে পুলিশ আটক করে।

পা হারানো রাসেল সরকারের বাবার নাম শফিকুল ইসলাম। গাইবান্ধার পলাশবাড়ি এলাকার বাসিন্দা রাসেল রাজধানীর আদাবর এলাকার সুনিবিঢ় হাউজিংয়ে বসবাস করেন এবং স্থানীয় একটি ‘রেন্ট-এ-কার’ প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।