২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়ল কোটার আন্দোলনকারীরা

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে ছয় ঘণ্টা ঢাকার শাহবাগে বিক্ষোভের পর সড়ক ছেড়েছে আন্দোলনকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2018, 07:32 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

পুরনো খবর:

কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে শাহবাগ মোড় আটকে বিক্ষোভ
প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছেন, প্রজ্ঞাপন ম্যাটার করে না: কাদের
কোটা নিয়ে শিগগিরই সিদ্ধান্তের আশা মন্ত্রিপরিষদ সচিবের

সোমবার সন্ধ্যা ৭টায় আন্দোলনকারীদের নেতা নুরুল হক নূর তাদের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর একটি বার্তা পাওয়ার কথা জানিয়ে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তার একটি বার্তা একটি বিশেষ মাধ্যমে আমাদের আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, যে তিনি যা বলেছেন, তার বাস্তবায়ন করবেন।

“আমাদের পাঁচ দফা দাবি প্রধানমন্ত্রী বাস্তবায়ন করবেন বলে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাসে আমরা আমাদের কর্মসূচি আজকের মত স্থগিত করলাম।”

সড়ক ছাড়লেও প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে নূর বলেন, “আন্দোলন সাময়িক স্থগিত, তবে প্রত্যাহার নয়। ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। রাজপথে কোনো কর্মসূচি থাকবে না।”

সকালে বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগে এসে সড়কে অবস্থান নেয়। এতে ১টার পর থেকে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে দেখা দেয় ব্যাপক যানজট।

মৎস্য ভবন থেকে শাহবাগ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পুরোপুরি; প্রেস ক্লাব থেকে হাই কোর্ট হয়ে আসা যানবাহনকে মৎস্য ভবন মোড় থেকে ঘুরিয়ে দেয় পুলিশ। মালিবাগ ও কাকরাইল মোড়ে সৃষ্টি হয় যানজট।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ হয়ে আসা যানবাহনকে শাহবাগ থানার সামনে আটকে দেওয়া হয়। গাড়িগুলো নীলক্ষেত মোড়, কাঁটাবন ঘুরে আসার চেষ্টা করার কারণে নীলক্ষেত মোড়ে হয় তীব্র যানজট।

কাকরাইল, হেয়ার রোড ও রূপসী বাংলা হোটেলের সামনেও লেগে ছিল যানজট।

জনদুর্ভোগ অবসানে আন্দোলনকারীদের সড়ক ছাড়ার আহ্বান জানিয়েছিলেন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পুলিশও তাদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আসছিল। তবে তাদের তুলতে পারছিল না।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আমরা ধৈর্য্য ধরে আছি। তাদের বোঝানোর চেষ্টা করছি।”

তবে প্রজ্ঞাপণের ঘোষণা না আসা পর্যন্ত না ওঠার সিদ্ধান্ত আন্দোলনকারীরা নেওয়ার পর পুলিশও কঠোর হওয়ার তোড়জোড় চালাচ্ছিল।

এর মধ্যেই অবস্থান কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত জানান আন্দোলনকারী ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র যুগ্ম আহ্বায়ক নূর।

সেই সঙ্গে তিনি অবস্থান কর্মসূচিতে নামার যৌক্তিকতা ব্যাখ্যা করে বলেন, “আমরা কোটা সংস্কারের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী কোটা বাতিলের ব্যাপারে সংসদে বক্তব্য দিয়েছিলেন। আমরা প্রধানমন্ত্রীর সেই বক্তব্যকে স্বাগত জানিয়েছিলাম।

“কিন্তু ঘোষণার ৩৩ দিন পার হয়ে গেলেও কোটা বাতিলের ব্যাপারে কোনো প্রজ্ঞাপণ জারি করা হয়নি। এর মধ্যে সরকারের কিছু লোকজনের বিতর্কিত বক্তব্যে এবং ঢাকার বাইরে কিছু ঘটনায় আমরা আন্দোলন করেছি।”

বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত; এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ।

‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ কোটার পরিমাণ ১০ শতাংশে কমিয়ে আনার দাবি তুলে নানা কর্মসূচিতে নামে। শিক্ষার্থীদের আন্দোলনে দৃশ্যত ক্ষুব্ধ শেখ হাসিনা গত ১১ এপ্রিল জাতীয় সংসদে বলেন, “বারবার এই আন্দোলন ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল; পরিষ্কার কথা; আমি এটাই মনে করি, সেটা হল বাতিল।”

কোটা নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি করার কথাও ওই দিন বলেন সরকারপ্রধান।

সেই প্রজ্ঞাপন শিগগিরই প্রকাশ হবে বলে সোমবারও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

অন্যদিকে আন্দোলনকারীদের ভিন্ন উদ্দেশ্যের কথা বলে আসছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতা। এই আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ি ভাংচুরের ঘটনায়ও কঠোর অবস্থানের কথা জানায় সরকার।

এর মধ্যেই সোমবার সকাল সাড়ে ১০টায় আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে কলা ভবন, মল চত্বর, ব্যবসায় শিক্ষা অনুষদ, প্রশাসনিক ভবন, আইইআর, আইন অনুষদ, কার্জন হল ঘুরে প্রদক্ষিণ করে।

পূর্বঘোষিত ধর্মঘটের কর্মসূচি পালনের অংশ হিসেবে তারা কলাভবনের গেইটে তালা লাগায়। এরপর শাহবাগে গিয়ে সড়কে অবস্থান নিয়েছিল তারা।