দুই প্রকল্প বাস্তবায়নে কাটতে হবে ৩২৪৭ গাছ
আমদানি তেল খালাসের জন্য কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের টার্মিনাল এবং গাজীপুরের কাপাসিয়ায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য দুই জায়গায় সংরক্ষিত বনের তিন হাজার ২৪৭টি গাছ কাটতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এসব গাছ কাটার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, মহেশখালীতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ‘সিঙ্গেল পয়েন্ট মুরিং’ করা হচ্ছে, ওখানে বনে কিছু গাছ আছে, সেগুলো কাটার অনুমতি চাওয়া হয়েছিল।
“মহেশাখালী পাহাড় মৌজায় ১৯১ দশমিক ২৫ একর বনভূমি লিজ নিয়েছে ইস্টার্ন রিফাইনারি, সেখানে বিভিন্ন রকমের প্রায় এক হাজার ৭০১টি গাছ আছে, বেতজাতীয় ঝোপঝাড় আছে।”
বনজ সম্পদের ক্ষতিপূরণ বাবদ পেট্রোলিয়াম করপোরেশন এক কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৯৪৯ টাকা পরিশোধ করেছে বলে জানান শফিউল।
তিনি বলেন, যে পরিমাণ গাছ কাটা হবে, তার পাঁচগুণ গাছ বন অধিদপ্তরের তত্ত্বাবধানে পেট্রোলিয়াম করপোরেশন রোপণ করে আগামী ১০ বছর দেখভাল করবে, এই শর্তে তাদের গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে।
মহেশখালীর বনে বট, লালী, বাদাম, বরই, কাউফল, শিমুল, ছাতিয়ান, কদম, সোনালুসহ বিভিন্ন জাতের গাছ কাটা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
অন্যদিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য দুই একর ৩৪ শতক সংরক্ষিত বনের এক হাজার ৫৪৬টি গাছ কাটার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা।
শফিউল বলেন, আকাশমনি গাছ এক হাজার ৪০০টি এবং কাঁঠাল, জাম, আম, তাল, গামারি, বরাগ বাঁশ, মুলি বাঁশসহ অন্যান্য প্রজাতির ১৪৬টি গাছ কাটার জন্য অনুমতি দেওয়া হয়েছে।
কাপাসিয়ার সংরক্ষিত ওই বনে সামাজিক বনায়নের মাধ্যমে গাছগুলো লাগানো হয়েছিল জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “যারা ক্ষতিগ্রস্ত তারা নীতিমালা অনুযায়ী টাকা পাবেন। সামাজিক বনায়নে যারা গাছ লাগান তারা ৭০ শতাংশ এবং অন্যরা ৩০ শতাংশ পান।”
নতুন কক্ষে মন্ত্রিসভা বৈঠক
সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় নতুন করে সুসজ্জিত মন্ত্রিপরিষদ কক্ষে সোমবার মন্ত্রিসভা বৈঠক হয়েছে।
নতুন কক্ষে বৈঠকের খবর জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “একটি নতুন রিনোভেটেড রুমে সোমবার মন্ত্রিসভা বৈঠক হয়েছে, পূর্তমন্ত্রী সবাইকে ফুল দিয়ে বরণ করেন।”
৬ নম্বর ভবনের ১৩ তলায় আগে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দপ্তর ছিল। ১৩ তলার একপাশে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং অন্যপাশে মন্ত্রিপরিষদ কক্ষ করা হয়েছে।
স্যাটেলাইট উৎক্ষেপণে অভিনন্দন প্রস্তাব
গত শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
সচিব শফিউল বলেন, স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ হওয়ায় অর্থমন্ত্রী একটি অভিনন্দন প্রস্তাব উপস্থাপন করেন।
“মহাশূণ্যে বাংলাদেশের নিজস্ব কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণ এবং বাংলাদেশ বিশ্বে ৫৭তম স্যাটেলাইট ক্ষমতাধর দেশ হিসেবে মর্যাদা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র ও প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব আহমেদ ওয়াজেদকে (জয়) অভিনন্দন জ্ঞাপন করেছে।”
পরে মন্ত্রিসভা একটি অভিনন্দন প্রস্তাব গ্রহণ করে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ হওয়ায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
শোক প্রস্তাব
জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম এবং সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির সংসদ সদস্য মাইদুল ইসলামের মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে।
