সহকর্মীদের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়ে চিরঘুমে শুভ রহমান
সহকর্মী সাংবাদিক ও সংস্কৃতিজনদের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জ্যেষ্ঠ সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভ রহমান।
সোমবার সকালে মালিবাগের চৌধুরীপাড়ায় মাটির মসজিদে প্রথম দফা জানাজা শেষে তার মরদেহ নিয়ে আসা হয় জাতীয় প্রেসক্লাবে। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিক সংগঠনের নেতারা; আসেন সাংস্কৃতিক সংগঠনের পুরোধারাও।
পুরে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শুভ রহমানকে দাফন করা হয়।
প্রেসক্লাবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, “প্রগতিশীল রাজনীতি চর্চার পাশাপাশি শুভ রহমান সাহিত্য-সংস্কৃতির আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেছেন। নিজের লেখালেখি, সাংবাদিকতা- এসব কিছুর মধ্যে দিয়ে আমরা সে পরিচয় পাই।
“ষাটের দশকে সোমেন চন্দের নাটক মঞ্চস্থ করেছিল পল্টন ময়দানে। সোমেন চন্দকে তার পরিকল্পনায় একটি স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগও নিয়েছিলাম আমরা। শুভ এমনিভাবে জীবনভর সমাজ-সংস্কৃতির সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।”
জাতীয় প্রেসক্লাবের পক্ষে শ্রদ্ধা নিবেদনের পর ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলম বলেন, “চল্লিশ বছর আগে সাংবাদিকতা জীবনে এসে শুভ রহমানকে আমি দেখেছিলাম নেতা হিসেবে। তিনি শুধুমাত্র একজন সাংবাদিক ছিলেন না, তিনি মনেপ্রাণে মুক্তচিন্তার এক মানুষ ছিলেন। তিনি স্বাধীনভাবে কথা বলতে ভালোবাসতেন। তাকে কখনো কোনো কিছুতে আপোষ করতে দেখিনি।”
এসময় তিনি আরো বলেন, “সাংবাদিকতা জীবনের শেষ দিকে এসে শুভ রহমান এক নষ্ট সময়ে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছিলেন। তিনি যেভাবে সমাজকে চেয়েছিলেন, ঠিক যেভাবে সাংবাদিকতা পেশাকে চিন্তা করেছিলেন, ঠিক সেভাবে পাননি। সাংবাদিকতার পেশাকে সমুন্নত রাখতে গেলে তাকে অনুসরণ করতে হবে।”
এসময় শুভ রহমানের ছেলে কামরান রহমান তার বাবার পক্ষে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, “বাবার অসুস্থ অবস্থায় যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা।”
সিনিয়র সাংবাদিকদের মধ্যে বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ তার জানাজায় যোগ দেন।
তাকে শ্রদ্ধা জানাতে আসে তারই সাবেক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও জাতীয় নবোন্নৎসব উদযাপন পর্ষদ। উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী।
ষাটের দশক থেকে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোভাগে থাকা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জেষ্ঠ্য সাংবাদিক শুভ রহমান দীর্ঘ রোগ ভোগের পর রোববার রাতে নিজ বাসভবনে মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
১৯৪০ সালের ১ জুন পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচড়ায় জন্মগ্রহণ করেন শুভ রহমান। দেশভাগের পর সপরিবারে বাংলাদেশে চলে আসেন। পরে তিনি ষাটের দশকে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। স্বাধীনতাপূর্ব ও উত্তরকালে তিনি বাংলাদেশের, বাঙালির সঙ্কটে সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মুক্তিযুদ্ধের সময় আগরতলায় অবস্থান করছিলেন তিনি। সেখানে জাতীয় মুক্তিসংগ্রামের অন্যতম সমন্বয়কের ভূমিকা পালন করেন শুভ রহমান।
সাংবাদিকতা জীবন শুরু করেন দৈনিক খবরের কাগজে যোগ দিয়ে, পরে দৈনিক গণবাংলা, দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, দৈনিক জনকণ্ঠ হয়ে তিনি যোগ দেন কালের কণ্ঠে। নিয়মিত কলাম লেখার পাশাপাশি তিনি কবিতাও লিখেছেন।
সাংবাদিক শুভ রহমান জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং বাংলা একাডেমির আজীবন সদস্য, তিনি জড়িত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সঙ্গেও।
সাংবাদিক শুভ রহমান বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা সদস্য, জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদের কো-চেয়ারপার্সন। খেলাঘর এর অন্যতম উদ্যোক্তাও তিনি।
