ঢাকায় ছয় পানি কারখানায় অভিযানে দণ্ড-জরিমানা
রাজধানীর আদাবর ও মোহাম্মদপুর থানা এলাকায় ছয়টি অবৈধ পানির কারখানায় অভিযান চালিয়ে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও দুইজনকে জরিমানা এবং তিনটি প্রতিষ্ঠান সীলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত র্যাব-২ এর এই ভ্রাম্যমাণ আদালত পারিচালিত হয় বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হল- রিলেয়াবেল ড্রিংকিং ওয়াটার, রাজীব এন্টারপ্রাইজ, প্রশান্তি ফুডস্ পিওর ড্রিংকিং ওয়াটার, আলহাজ্ব মকবুল হোসেন ড্রিংকিং ওয়াটার, ইনাডা এ্যাকোয়া ড্রিংকিং ওয়াটার ও গ্রীন ইকো ড্রিংকিং ওয়াটার।
বছিলার মেট্রো হাউজিংয়ের রাজীব এন্টারপ্রাইজের রাকিব ও মিলনকে এক মাস করে, প্রশান্তি ফুড ড্রিংকিং ওয়াটারের মনির হোসেনকে তিন মাসের, মকবুল হোসেন কারখানার আব্দুর সাত্তারকে তিন মাসের, রিলেয়াবেল ড্রিংকিং ওয়াটারের অমিত দত্ত ও এছাহাককে দেড় বছর ও এক বছর এবং নামবিহীন একটি প্রতিষ্ঠানের নজরুল ইসলাম নামে একজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ইনাডা এ্যাকোয়া ড্রিংকিং ওয়াটার ও গ্রীন ইকো ড্রিংকিং ওয়াটারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রায় চার শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্টেট সারোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাইসেন্স ছাড়া, লাইসেন্স নবায়ন না করে, সরাসরি ওয়াসার লাইন থেকে নিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পানি বোতলজাত করায় তাদের দণ্ড দেওয়া হয়।
আলহাজ্ব মকবুল হোসেন নামের প্রতিষ্ঠানের বিষয়ে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, “এলাকাবাসীর কেউ বলছেন, এটি মোহ্ম্মদপুর এলাকার সাবেক সংসদ মকবুল হোসেনের কারখানা, কেউ বলছেন তার না।কারখানাটির কোনো কাগজ পাওয়া যায়নি। সেখান থেকে গ্রেপ্তার হওয়া সাত্তার বলেছেন, এটি মকবুল হোসেনের।”
এ বিষয়ে জানতে চাইলে সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন বিস্ময় প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বা তার পরিবারের নামে কোনো পানির কারখানা নেই। পরিবারের কোন সদস্য কোথাও পানির ব্যবসার সাথে জড়িত নন।
“তাছাড়া এ ধরনের নিম্নমানের কারখানা করার ইচ্ছা নেই। র্যাব যে খবরটি দিয়েছে তা সত্যতা যাচাই না করে দিয়েছে। খবরটি বিভ্রান্তিকর, নিন্দনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত।”
তবে জায়গাটি তার পরিবারের এক সদস্যের জানিয়ে মকবুল হোসেন বলেন, সেখানে ভাড়াটিয়া থাকেন।
