কেবল ব্যবসায়ী রাজ্জাক খুনের পরিকল্পনা ‘বিদেশে বসে’
বাড্ডায় কেবল অপারেটর আব্দুর রাজ্জাক হত্যাকাণ্ডে বিদেশে পালিয়ে থাকা একজন ‘সন্ত্রাসীর’ সম্পৃক্ততার কথা বলছে পুলিশ।
বুধবার রাতে এই হত্যাকাণ্ডের পর আটক একজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার আগে এই তথ্য দিয়েছেন বলে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই এলাকার সন্ত্রাসী একাধিক মামলার আসামি রবীন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে। সেখান থেকে সে বাড্ডা এলাকা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
“তার লোকজন রাজ্জাকের কেবল অপারেটরের ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। রাজ্জাকের গুলশান, ভাটারা ও বাড্ডা এলাকায় এই ব্যবসা রয়েছে। বিভিন্নভাবে এর নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়ে রবিন তার লোকজনকে দিয়ে রাজ্জাককে খুন করার পরিকল্পনা করে।”
গত সোমবার রাজ্জাককে হত্যার পরিকল্পনা হয়েছিল জানিয়ে তিনি বলেন, “কিন্তু ওই দিন সুযোগমতো না হওয়ায় তারা তা পারেনি।”
তবে রাজ্জাকের বাবা ফজলুর রহমান সাংবাদিকদের বলেছেন, তার ছেলের সঙ্গে কারও বিরোধের কথা জানতেন না তিনি। তার ছেলে তাকে কখনও এসব নিয়ে বলেনি।
পুরান ঢাকার ছেলে রাজ্জাক (৩০) পরিবার নিয়ে বাড্ডার আলাতুনেসা স্কুল রোডে থাকতেন। ‘ম্যাক্স’ নামের দোকান দিয়ে ওই এলাকায় কেবল অপারেটরের ব্যবসা করতেন তিনি।
বুধবার রাত ১০টার দিকে দক্ষিণ বাড্ডার জাগরণী ক্লাবের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। মটরসাইকেলে তিনজন এসে তার ওপর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।
রাজ্জাককে গুলি করার পর উপস্থিত জনতা ধাওয়া করে তিনজনকে আটক করে মারধরের পর পুলিশে দেয়। তাদের একজন ছিলেন সাফায়েত হোসেন তামরিন ওরফে রানা (২৮)। ঘটনার ঘণ্টা ছয়েকের মধ্যে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন তিনি।
এই রানাই জিজ্ঞাসাবাদে পুলিশকে রবীনের বিষয়ে বলে গেছেন বলে জানান উপ-কমিশনার মশিউর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রবীনের বিরুদ্ধে বাড্ডাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রায় দুই বছর আগে একটি হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা পাওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালায়। সে সময় দেশ ছেড়ে পালিয়ে যায় রবীন।”
কেবল অপারেটর রাজ্জাকের বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে বলে জানান তিনি।
রাজ্জাককে হত্যায় অংশ নেওয়ার কথা রানা ‘স্বীকার করেছিলেন’ জানিয়ে মশিউর রহমান বলেন, “রানার দেওয়া তথ্য অনুযায়ী তাকে নিয়ে তার সহযোগীদের গ্রেপ্তারে রাতেই অভিযানে নামে গোয়েন্দা দল। এ সময় রানার সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়লে রানা পালানোর চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
“কিছুক্ষণ পর দেখা যায় রানা গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত বলে জানায়।”
তিনি বলেন, রাজ্জাককে হত্যাকাণ্ডের সময় মটরসাইকেলে অপর যে দুইজন ছিলেন রানা তাদের নাম বলেছিলেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হত্যাকারী সন্দেহে রানার সঙ্গে আটক অপর দুজন পথচারী ছিলেন বলে জানান গোয়েন্দা কর্মকর্তা মশিউর।
“জনতা যে তিনজনকে ধরেছিল তাদের মধ্যে রানা ছাড়া অন্য দুজনের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। পরিস্থিতি দেখে নিজেদের নিরাপদ জায়গায় নেওয়ার চেষ্টার সময় জনতার হাতে তারা ধরা পড়ে। তাদের ছেড়ে দেওয়া হতে পারে।”
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রানা ‘বন্দুকযুদ্ধে’ নিহত এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছে। তবে রাজ্জাক খুন হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
