বাড্ডায় কেবল অপারেটর হত্যার সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ঢাকার বাড্ডায় এক কেবল অপারেটরকে গুলি করে হত্যার ঘটনার পর জনতার ধাওয়ায় আটক তিনজনের মধ্যে একজন গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
নিহত সাফায়েত হোসেন তামরিন ওরফে রানার (২৮) বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে ডজনখানেক মামলা রয়েছে বলে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর) মো. মশিউর রহমান জানান।
তিনি বলছেন, বুধবার রাতে বাড্ডায় কেবল অপারেটর আব্দুর রাজ্জাক (৩০) খুন হওয়ার পর জনতা ধাওয়া দিয়ে তিনজনে আটক করে। তাদের মধ্যে রানাকে নিয়ে গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার ভোরের দিকে আফতাবনগরের এল ব্লকে অভিযানে যায়। সেখানেই রানার সহযোগীদের সঙ্গে গোলাগুলির ওই ঘটনা ঘটে।
কেবল অপারেটর আব্দুর রাজ্জাক বাড্ডা এলাকায় ‘ম্যাক্স’ নামের একটি দোকান দিয়ে ব্যবসা করতেন। বাড্ডার আলাতুনেসা স্কুল রোডের এক বাসায় থাকতেন তিনি।
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, দক্ষিণ বাড্ডার জাগরণী ক্লাবের সামনে বুধবার রাতে রাজ্জাকের ওপর গুলি চালানো হয়। রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই থানার উপ পরিদর্শক আব্দুল মান্নাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজ্জাক খুন হওয়ার পর স্থানীয় জনতার ধাওয়ায় তিন সন্দেহভাজন যুবক স্থানীয় একটি ইন্টারনেটের দোকানে ঢুকে যায়। তখন স্থানীয়রা বাইরে থেকে ওই ঘরে তালা লাগিয়ে দেয়। পরে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সোয়াটের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়।
তাদের মধ্যে দুজন জনতার পিটুনিতে আগেই আহত হয়েছিলেন। রাত দেড়টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে সাফায়েত হোসেন তামরিন ওরফে রানাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর) মো. মশিউর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রানাকে নিয়ে তার অন্য সহযোগীদের গ্রেপ্তারের জন্য ভোরের দিকে আফতাবনগরের এল ব্লকে যায় গোয়েন্দা পুলিশের একটি দল।
“ভোর ৪টা ২০ মিনিটের দিকে ওই এলাকায় ওঁত পেতে থাকা রানার সহযোগীরা পুলিশের দিকে গুলি শুরু করে। আত্মরক্ষার জন্য পুলিশও তখন পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে রানা গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। গোলাগুলি থামার পর তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”
ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন বলে মশিউর রহমান জানান।
তিনি বলেন, রানার বাসা সাভারে হলেও সে দীর্ঘদিন ধরে রাজধানীর বাড্ডা-রামপুরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে রমনা, বাডাডা ও গুলশান থানায় অন্তত চারটি হত্যা মামলা রয়েছে। এছাড়া অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আরও অন্তত আটটি মামলা রয়েছে।
