ডিএসসিসির মসজিদভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
রোজা সামনে রেখে হাজারখানেক মসজিদ ও মসজিদের আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
মসজিদভিত্তিক পরিচ্ছন্নতা কর্মসূচির বিষয়ে সাঈদ খোকন বলেন, “ধর্মপ্রাণ মুসল্লিরা যেন রমজান মাসে পরিচ্ছন্ন পরিবেশে ইবাদত বন্দেগি করতে পারেন এজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
“বায়তুল মোকাররম মসজিদ পরিচ্ছন্নতার মধ্য দিয়ে এ কাজ শুরু হল । ঢাকার সবগুলো মসজিদের আশপাশের এলাকাও পরিচ্ছন্ন করা হবে। শুধু সিটি করপোরেশন নয়, নাগরিকরা সবাই পরিচ্ছন্নতা কাজে এগিয়ে আসলে তা আরও ভালো হবে।”
মেয়র জানান, ডিএসসিসির ৫টি অঞ্চলের ৯৫০টি মসজিদ পরিচ্ছন্ন রাখতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের এ কাজে ওয়ার্ড কাউন্সিলররা সম্পৃক্ত থাকবেন।
“ঈদের সময় প্রত্যন্ত অঞ্চলসহ সারাদেশ থেকে ব্যবসায়ী, নানা পেশার মানুষ রাজধনীতে আসেন। এ কারণে যানবাহনের চাপ বাড়ে। রমজান মাসে রোজাদাররা যেন বাড়ি ফিরে প্রিয়জনদের সাথে একত্রে ইফতার করতে পারেন সেজন্য যানজট সহনীয় পর্যায়ে রাখতে পুলিশ কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করা হবে। এছাড়া ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”
এ সময় ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, ডিএসসিসির কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী, ফরিদউদ্দিন আহমেদ রতন, হুমায়ুন কবীর, সচিব খান মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. জাহিদ হোসেন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন।
