গেণ্ডারিয়ায় গুলির ঘটনায় সন্দেহভাজন লেনিন বাবু ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ঢাকার গেণ্ডারিয়ায় তিন সপ্তাহ আগে পুলিশের সঙ্গে মাদক চোরাকারবারিদের গোলাগুলির ঘটনার মূল সন্দেহভাজন লেনিন বাবু খিলগাঁও থানাধীন আমুলিয়ায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
বুধবার ভোর রাতে আমুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ ওই ঘটনা ঘটে বলে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) খন্দকার নুরুন্নবীর ভাষ্য।
তিনি বলেন, নিহত লেনিন বাবু ২০০২ সালে ২৯ মে খিলগাঁও থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। রাজধানীর বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক আইনের আরও অন্তত ছয়টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
“লেনিন আমুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকায় অবস্থান করছে খবর পেয়ে আমাদের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে লেনিন ও তার সহযোগীরা গুলি ছুড়তে শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামার পর লেনিনকে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, আনুমানিক পঁয়ত্রিশ বছর বয়সী ওই গুলিবিদ্ধ যুবককে ভোর পৌনে ৪ টার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের ভাষ্য।
উপ-কমিশনার নুরুন্নবী বলেন, গত ১৯ এপ্রিল রাজধানীর গেণ্ডারিয়া থানা এলাকায় ইয়াবার চালান ধরতে গিয়ে গোলাগুলিতে তিন পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনার প্রধান সন্দেহভাজন ছিলেন লেনিন।
মাঝে একবার পালিয়ে বিদেশে চলে গেলেও সম্প্রতি দেশে ফিরে লেনিন আবারও মাদকের কারবারে জড়িয়ে পড়েন বলে এই পুলিশ কর্মকর্তার ভাষ্য।
