২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন সন্ত্রাসের বিরুদ্ধে শুক্রবার ঢাকায় গণ কনভেনশন

যৌন সন্ত্রাসের বিরুদ্ধে নাগরিকদের মধ্যে ঐক্য তৈরি করে সক্রিয়তা বাড়াতে এবার ঢাকায় যৌন নিপীড়নবিরোধী এক গণ কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2018, 12:25 PM

Updated : 08 Apr 2022, 06:21 PM

শুক্রবার সকাল ৯টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই কনভেনশনে যোগ দেবেন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ, যৌন নির্যাতন, নিপীড়ন রোধে ধারাবাহিকতায় সমাজে গণসচেতনতা বৃদ্ধি করে তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো এই কনভেনশনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।

মঙ্গলবার সকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনের এ তথ্য জানায় গণ কনভেনশন প্রস্তুতি কমিটি।

লিখিত বক্তব্যে কমিটির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আহমেদ বলেন, “যৌন অপরাধ সংঘটনে অর্থ ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, পদ-পদবী ও প্রভাব প্রতিপত্তিশালীরা এগিয়ে রয়েছে। দেশে বিভিন্ন সংঘবদ্ধ গোষ্ঠী দ্বারা গণধর্ষণের ঘটনাও প্রচুর ঘটেছে। এ অবস্থায় জনজীবন ভয়, আতঙ্ক ও নিরাপত্তাহীনতায়  কুঁকড়ে যাচ্ছে। ভীতিকর এই অবস্থায় শিশুর সামাজিক ও মানবিক বিকাশ প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে।”

দেশ ও সমাজের সুস্থ বিকাশ ও ও মানবিক উন্নয়নের ক্ষেত্রে সব ধরণের যৌন সন্ত্রাসের বিরুদ্ধে গণ সচেতনতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানোও জরুরি বলে মনে করে কমিটি।

যৌন সন্ত্রাসের সামাজিক অপরাধ সংগঠনের তিরোহিতকরণে মনোভাব সামাজিক পরিমণ্ডলে গড়ে তোলাও প্রয়োজনীয়তা উল্লেখ করেন ফেরদৌস।

তিনি বলেন, “ছেলেমেয়েদের সঠিক ও সুস্থ যৌন শিক্ষা দান, কুসংস্কার, অপধারণা ইত্যাদি দূরীকরণসহ সমাজে নারী ও পুরুষের ভেতর সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্কের সমতার বিকাশ ঘটানোও জরুরি।  আর এর ভেতর দিয়েই যৌন সন্ত্রাসবিরোধী এক দায়িত্বশীল প্রজন্ম তৈরির পক্ষে কাজ করার এখনই সময়। আর এর কোনো বিকল্প নেই।”

সংবাদ সম্মেলনে কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লেলিন চৌধুরীও বক্তব্য দেন।