২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়া কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে বিডিনিউজ টোয়েন্টিফোর

ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2018, 10:42 AM

Updated : 08 Apr 2022, 06:21 PM

গ্রুপ পর্বের খেলায় দৈনিক নয়া দিগন্তের সঙ্গে ৪-০ গোলে জয় এবং চ্যানেল আই-এর সঙ্গে ১-১ গোলে ড্র করায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের প্রথম এই অনলাইন সংবাদপত্রের।

চ্যানেল আই ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠতে দৈনিক নয়া দিগন্তের সঙ্গে ৫-০ গোলের জয় পেতে হত চ্যানেল আইকে।

শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নয়া দিগন্তকে ৩-০ গোলে হারায় চ্যানেল আই। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

মঙ্গলবার অন্য একটি গ্রুপের শেষ ম্যাচে এস এ টিভি ও বাংলাদেশ প্রতিদিনের মধ্যে যারা জিতবে তাদের সঙ্গে বুধবার সকাল ১১টায় কোয়ার্টার ফাইনালে খেলবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

প্রথম ম্যাচে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অতিথি খেলোয়াড় আবদুল্লাহ্ শাফী হ্যাট্টিক করে ম্যান সেরা হন। অন্য গোলটি আসে মাইদুল ইসলামের পা থেকে। দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত একটি গোল করেন মাইদুল ইসলাম।

আটটি গ্রুপে ২৪টি গণমাধ্যম প্রতিষ্ঠান ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

টিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার (অধিনায়ক), মুনীরুল ইসলাম, নুরুল ইসলাম হাসিব, ইকবাল শাহরিয়ার, শহীদুল ইসলাম, আকিব জাভেদ, মাইদুল ইসলাম, কাজী মোবারক হোসেন ও তারেক হাসান নির্ঝর।

নাগরিক টিভির প্রতিবেদক আবদুল্লাহ্ শাফী অতিথি খেলোয়াড় হিসেবে টিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে খেলছেন।