দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়োগে পিএসসিকে ‘উদ্যোগী’ করবেন মেনন
বিসিএসে দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ নিয়োগে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) উদ্যোগী করার আশ্বাস দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।
সোমবার সমাজসেবা অধিদপ্তরের মিলনায়তনে ‘দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর মূলধারায় সম্পৃক্তি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালায় তিনি এই আশ্বাস দেন।
মন্ত্রী মেনন বলেন, “পিএসসিকে আমরা অনুরোধ করব তারা যেন বিসিএসে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়োগের ব্যাপারে বিশেষ পরীক্ষা বা বিশেষ নিয়োগের ব্যবস্থা করে। আমরা পিএসসিকে এ ব্যাপারে উদ্যোগী করব। আমি সরাসরি এ বিষয়ে পিএসসির সাথে আলোচনা করব।
“আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের মূল স্রোতে আনার জন্য কাজ করে যাচ্ছি। তবে আমাদের কার্যক্রমের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। ছেলেদের ক্ষেত্রে প্রতিটি জেলায় একটি দৃষ্টি প্রতিবন্ধী সমন্বিত কার্যক্রম ছিল, এখন সেটা আরও ১০টি বাড়ানো হয়েছে।”
নারীদের জন্য প্রতিটি বিভাগে সমন্বিত কার্যক্রম চালুর মাধ্যমে ৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি।
এছাড়াও তথ্যপ্রযুক্তি খাতে দৃষ্টি প্রতিবন্ধীদের দক্ষ হয়ে ওঠার পরামর্শ দেন সমাজকল্যাণ মন্ত্রী।
অনুষ্ঠানে বাংলাদেশ সমাজসেবা অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেন খান গ্রাম বা উপজেলায় প্রাথমিক পর্যায়ে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ‘ব্লাইন্ড রিসোর্স টিচার’ নিয়োগের প্রস্তাব দেন।
তিনি বলেন, “দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রতিটি জেলায় স্কুলগুলোতে রিসোর্স টিচার রয়েছে। কিন্তু সেটা ষষ্ঠ শ্রেণি থেকে। প্রাথমিক পর্যায়ে তাদের রিসোর্স টিচার থাকা দরকার। গ্রাম বা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে রিসোর্স শিক্ষকের ব্যবস্থা করলে প্রত্যেকটা দৃষ্টি প্রতিবন্ধীই শিক্ষিত হয়ে উঠবে।”
দৃষ্টি প্রতিবন্ধীদের সংগঠন ডেস্কটোর সাধারণ সম্পাদক আলী হোসেন কর্মক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধীদের প্রবেশের বয়সসীমা বাড়ানো ও সব জেলার দৃষ্টি প্রতিবন্ধীদের সমন্বিত কার্যক্রমের শূণ্য পদে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের সরকারি ও বেসরকারি বিভিন্ন চাকরিতে প্রবেশের সুযোগ, উদ্যোক্তা হিসেবে সুদমুক্ত ঋণ দেওয়া, প্রশিক্ষণ, সহায়ক পরিবেশ সৃষ্টির সুপারিশ তুলে ধরা হয়।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও পরিচালক (কার্যক্রম) আবু মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ সমাজসেবা অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব সাফায়েত হোসেন তালুকদার প্রমুখ।
