এসএসসিতে ফল খারাপের পেছনে ‘প্রশ্নফাঁসের প্রভাবও’
এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমার পেছনে প্রশ্ন ফাঁসকেও কারণ হিসেবে দেখছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অনেকে।
তারা বলছেন, ফাঁস হওয়া প্রশ্নপত্রের উপর নির্ভর করে পরীক্ষা দিতে গিয়ে অন্য সেটের প্রশ্ন পাওয়া, পরীক্ষার আগে প্রশ্ন খোঁজায় সময় নষ্ট এবং প্রশ্ন পাওয়ার ভরসায় লেখাপড়ায় মনোযোগ না দেওয়ায় অনেকের ফল খারাপ হয়েছে।
রোববার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে আট সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে সার্বিকভাবে এবার ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। পাসের এই হার গত বছরের চেয়ে ২ দশমিক ৫৮ শতাংশ পয়েন্ট কম। গত নয় বছরের মধ্যে পাসের হার এবারই সর্বনিম্ন।
ফল বিশ্লেষণে দেখা গেছে অধিকাংশ বোর্ডেই ইংরেজি ও গণিতে পাসের হার কমেছে, অনেকটা ফল বিপর্যয় ঘটেছে মানবিক বিভাগে।
পাসের হার কমার কারণ হিসেবে যথাযথভাবে উত্তরপত্র মূল্যায়নের কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তাছাড়া সারা দেশে অভিন্ন প্রশ্নে পরীক্ষা এবং গণিতের সৃজনশীল প্রশ্নকেও দায়ী করেছেন কেউ কেউ।
এসবের সঙ্গে প্রশ্নপত্র ফাঁসকে ফল খারাপের কারণ হিসেবে দেখছেন ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যখন একটা ছাত্র প্রতিদিন প্রশ্ন পায় এবং তা মিলে যায় তখন নিশ্চয়ই সে আর প্রস্তুতিটা নিতে চায় না। শেষের পরীক্ষাগুলোতে আধা ঘণ্টা আগে আমাদের সেট কোডটা বলে দেওয়া হত। তাতে প্রশ্ন ফাঁস হওয়া কঠিন হয়ে গিয়েছিল।
রাতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাওয়া যায় বামের প্রশ্নপত্র; সকালে পরীক্ষার মূল প্রশ্নপত্রের (ডানের) সঙ্গে তার হুবহু মিল
আইডিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছেন সরকারি কর্মকর্তা মো. মাহবুব হোসেনের মেয়ে।
মাহবুব জানান, এ বছর পাশের হার কমে গেছে জানতে পেরে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি।
মেয়ের ফল জানার পর অনেক খুশি জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশ্ন ফাঁস, ধরপাকড়, দেরি করে আসলে বাচ্চাদের পরীক্ষা দিতে না দেওয়া সব মিলিয়ে রেজাল্ট নিয়ে খারাপ একটা ধারণা করেছিলাম। পাসের হার কম শোনার পর থেকে শুধু আশা করছিলাম, মেয়ে পাস করলেই হবে।”
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পাওয়ার আরেক শিক্ষার্থীর মা গৃহিনী রত্না সাহা বলেন, “খাতা কঠিন করে দেখেছে শুনছিলাম। পাসের হারও কম, ফলে খুব ভয়ে ছিলাম। প্রশ্ন যেভাবে ফাঁস হয়েছে, খাতা তো কঠিন করে দেখবেই। তবে এখন ভালো লাগছে।”
এভাবে প্রায় প্রতি পরীক্ষার আগে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে এসএসসির প্রশ্ন
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি প্রশ্ন পেয়ে পরীক্ষা দিইনি। নিজে যা পেরেছি লিখেছি। যা রেজাল্ট তা আমার পড়ালেখার উপরেই। প্রশ্ন অনেকেই পেয়েছে আমার সাথের, রেজাল্টও ভালো করেছে।”
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী মুয়াজ হাসানও মনে করেন, প্রশ্ন ফাঁসের কারণে সার্বিক ফল খারাপ হতে পারে।
“অনেকেই অন্য সেটের প্রশ্ন পেয়ে পরীক্ষা দিতে গেছে। গিয়ে দেখেছে প্রশ্ন উল্টাটা এসেছে...কিছু লিখতে পারেনি, তাই ফেইল করেছে।”
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পাওয়া আরেক শিক্ষার্থী আজিজুল হক বলেন, “অনেকে এমসিকিউ প্রশ্ন আগে পেয়েছে, কিন্তু সৃজনশীল পায়নি। তারা কিছুই পড়েনি আগে, শুধু এমসিকিউ দিয়ে তো আর রেজাল্ট ভালো হবে না। আর প্রশ্ন খুঁজতেও অনেকে সময় নষ্ট করে।”
‘সরকার চাইলেই প্রশ্ন ফাঁস বন্ধ হবে’
সরকার চাইলে আগামীতে এসএসসির প্রশ্ন ফাঁস বন্ধ করা সম্ভব বলে মনে করছেন সদ্য এই পরীক্ষায় পাস করা শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয়ের ব্র্যাঞ্চ-৩ থেকে জিপিএ-৫ পাওয়া রিশানুর রহমান চৌধুরী তার বিশ্বাসের কারণ হিসেবে সম্প্রতি অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষাকে দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এইচএসসিতে তো একটা প্রশ্নও ফাঁস হয়নি। কিন্তু এসএসসিতে সব পরীক্ষার ৩০-৪০ মিনিট আগে প্রশ্ন ফাঁস হয়েছে। দু-একটা পরীক্ষায় প্রশ্ন ফাঁসের পর তো বন্ধ করা যেত। কিন্তু প্রতিটা পরীক্ষায়ই প্রশ্ন ফাঁস হয়েছে।
এসএসসি পরীক্ষার ১৭টির মধ্যে ১২টি বিষয়ের এমসিকিউ অংশের ‘খ’ সেটের প্রশ্ন ফাঁস হয়েছিল বলে প্রতিবেদন দিয়েছিল প্রশ্ন ফাঁস সংক্রান্ত তদন্ত কমিটি।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক আফরোজা কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশ্ন ফাঁস শিক্ষার্থীদের জন্য এক ধরনের মানসিক চাপ ছিল। পাবলিক পরীক্ষায় এমন প্রশ্ন ফাঁস হওয়ায় শিক্ষার্থীরাও শিক্ষা ব্যবস্থার ওপর আস্থা হারিয়েছে। সরকার চাইলে এটি বন্ধ করতে পারে, তার প্রমাণ তো এইচএসসি পরীক্ষা। কিন্তু এসএসসিতে সব পরীক্ষায়ই প্রশ্ন ফাঁস হয়েছে।”
প্রশ্ন ফাঁস শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করছে মন্তব্য করে তিনি বলেন, “অনেক স্টুডেন্টের তো ধারণা হয়ে গেছে যে, প্রশ্ন তো পাওয়াই যায় তাহলে এত পড়াশুনা করে লাভ কী? পরীক্ষার পর এই দুই মাস রেজাল্ট নিয়ে আমার মেয়ে খুব চিন্তিত ছিল। ওর চেয়ে খারাপ স্টুডেন্টেরও সবগুলো এমসিকিউ হচ্ছে, অথচ ওর হয়ত দুই-তিনটা ভুল হচ্ছে, এগুলা তো মানসিক চাপ। বাচ্চারা জিজ্ঞেস করে, তোমরাও কি পরীক্ষার সময় প্রশ্ন পেয়েছিলা? শিক্ষা ব্যবস্থা নিয়ে ওদের তো ধারণাই বদলে গেছে।”
মনিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করা এক শিক্ষার্থীর বাবা মাহবুবা খানের অভিজ্ঞতাও একই রকম।
তিনি বলেন, “যেভাবে প্রশ্ন ফাঁস হয়েছে তা নিয়ে বাচ্চাদের দুশ্চিন্তা ছিল। কেন সবগুলা প্রশ্ন ফাঁস হবে? প্রশ্ন ফাঁসকারীরা কি সরকারের চেয়েও শক্তিশালী? ওর চেয়ে খারাপ স্টুডেন্টরা যখন বলছিল ৩০টাই অবজেকটিভ হয়েছে, তখন এসব নিয়ে মন খারাপ করেছে। কিন্তু ভালো স্টুডেন্টরা আসলে প্রশ্ন ফাঁসের চিন্তা করে না। তারা তো সারা বছর পড়েছেই।”
ভিকারুননিসার বিজ্ঞান বিভাগ থেকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়া সানজানা হোসেন বহ্নি বলেন, “প্রশ্ন ফাঁস হয়েছে শুনেছি, কিন্তু প্রশ্ন পাইনি। সব প্রশ্ন ফাঁস হচ্ছে শুনে খুব অবাক হচ্ছিলাম। তবে পরীক্ষা ভালো দিয়েছি, রেজাল্টও ভালো হয়েছে।”
শতভাগ শিক্ষার্থীই পাস করেছে মনিপুর উচ্চ বিদ্যালয়ের। ১৮৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৫৩ জন।
এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশ্ন ফাঁসের প্রভাব আমাদের প্রতিষ্ঠানে পড়েনি। ভালো শিক্ষার্থীরা প্রশ্ন ফাঁস হল কি হল না সে বিষয়ে মাথা ঘামায় না। তবে এটা ঠিক, প্রশ্ন ফাঁসের ফলে বাচ্চারা আগ্রহ হারাচ্ছে ।”
