২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসির বাড়িতে হামলাকারী অন্যরাও চিহ্নিত: স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে যারা হামলা ও ভাংচুর চালিয়েছিল, তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2018, 06:23 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

গত ৯ এপ্রিলের হামলার ঘটনায় ইতোমধ্যে এক মাদ্রাসাছাত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ঢাকার ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী  সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, “জড়িত বাকিদের শনাক্ত করছি এবং সুনির্দিষ্ট হয়ে তাদের আমরা গ্রেপ্তার করব। অবশ্যই কাউকে ছাড় দেব না।”

গত রোববার  রাকিবুল হাসান ওরফে রাকিব (২৬), মাসুদ আলম ওরফে মাসুদ (২৫), আলী হোসেন শেখ ওরফে আলী (২৮) এবং আবু সাইদ ফজলে রাব্বী ওরফে সিয়াম (২০) নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের গ্রেপ্তারের পাশাপাশি উপাচার্যের বাড়ি থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ওই চারজনের বিষয়ে তিনি বলেন, “তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। এরা কেন এসেছিল- তা আরও কয়েকদিন পর আমরা পরিষ্কার হব।”

পুরনো খবর:

ভিসির বাসায় হামলায় আলিয়ার ছাত্রসহ গ্রেপ্তার ৪