২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার দাবি

মে দিবসের কর্মসূচিতে শ্রমিকের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা, ট্রেড ইউনিয়নের অধিকার, দৈনিক আট ঘণ্টা কর্ম ও কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও নিয়োগপত্র দেওয়ার দাবি জানিয়েছে শ্রমিকদের অধিকার নিয়ে সোচ্চার বিভিন্ন সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2018, 07:48 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে নানা দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, পোস্টার, লিফলেট নিয়ে সংগঠনগুলোর কয়েক হাজার শ্রমিক ও নেতারা মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেন।

সিপিবি সমর্থিত গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাসদের সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টসহ অন্যান্য বামপন্থি দলগুলোর শ্রমিক সংগঠনগুলো প্রেস ক্লাব ছাড়াও পল্টন মোড় ও আশপাশের এলাকায় সমাবেশ, মিছিল ও মানববন্ধনের মাধ্যমে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে।

মে দিবসে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে রাজপথে ছিল আওয়ামী লীগ সমর্থক শ্রমিক সংগঠনগুলোও, তবে বিএনপি সমর্থিত শ্রমিক দলকে এদিন কর্মসূচি পালনের অনুমতি দেয়নি পুলিশ।

১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা শ্রমের ন্যায্য মূল্য এবং আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করার দাবিতে ধর্মঘট শুরু করেছিল। সেই আন্দোলন দমনে শ্রমিকদের ওপর গুলি চালানো হয়। ১০ শ্রমিকের আত্মত্যাগে গড়ে ওঠে বিক্ষোভ। প্রবল জনমতের মুখে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করতে বাধ্য হয়।

১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে সারাবিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে মে মাসের ১ তারিখে 'মে দিবস' পালিত হচ্ছে।

দিবসটি ‍উপলক্ষে পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমাবেশ সিপিবির সভাপতি মুজাহিদুল ইলাম সেলিম বলেন, “আড়াই বছর আগে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি তোলা হয়েছিল, এই দাবি তাদের ন্যায্য দাবি, কিন্তু এখনও সেই দাবি পূরণ করেনি সরকার।

“এই আড়াই বছর পর বর্তমান সামাজিক অবস্থায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি রাখে। সরকার দীর্ঘদিন ধরে এই ন্যায্য মজুরি ঘোষণা করছে না, অবিলম্বে ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে।”

শ্রমিক দিবসের বিষয়ে তিনি বলেন, “বছরের ৩৬৫ দিনই শ্রমিকদের জন্য হওয়ার কথা ছিল। এই একটি দিনই শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরে সোচ্চার হয়, কিন্তু শ্রমিকদের এই দিনটাও মালিকরা ‘হাইজ্যাক’ করে কাজ করাতে বাধ্য করে।”

আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমিকদের সব অধিকার নিশ্চিতের দাবি জানান সিপিবি সভাপতি।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সমাবেশে বাসদ নেতা রাজেকুজ্জামান রতন শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা ঘোষণার দাবি করেন।

তিনি বলেন, “শ্রমিকদের এই দাবি তাদের বাঁচার দাবি, যৌক্তিক দাবি। তাদের জীবন চলার জন্য এই টাকা দরকার। তাই এই দাবি পূরণে সরকার যেন কোনো বিলম্ব না করে।”

তিনি বলেন, বহু কারখানায় এখনও ট্রেড ইউনিয়ন নেই। ট্রেড ইউনিয়ন করতে গেলে শ্রমিকদের ওপর মালিকের লোকদের আক্রমণ চলে। সব কারখানায় অবাধে ট্রেড ইউনিয়নের সুযোগ দিতে হবে।

“কর্মক্ষেত্রে কোনো শ্রমিক আহত হলে আন্তর্জাতিক আইন অনুসারে আজীবন আয়ের সমান অর্থ ক্ষতি পূরণ দিতে হবে। কেউ মারা গেলে তার পরিবারকে পযাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

প্রেস ক্লাবের সামনে ১৪টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের’ সমাবেশে জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ বলেন, “আমরা মনে করি বর্তমান প্রেক্ষাপটে একজন শ্রমিকের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা হওয়ার দরকার। এর চেয়ে কম অর্থ দিয়ে একটি পরিবারের ভরণ-পোষণ সম্ভব নয়। তাই সরকার শ্রমিকদের এই দাবি মেনে নেবে বলে আমরা আশা করি।”

এছাড়া সব শিল্প ও অন্যান্য প্রতিষ্ঠানে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন, যথাযথ কর্মপরিবেশ, আট ঘণ্টা কাজের অতিরিক্ত কাজের ক্ষেত্রে দ্বিগুণ হারে মজুরি প্রদান ও শ্রমিকদের নির্ধারিত ছুটি দেওয়ার দাবি জানান তিনি।

সরকারের তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুও শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার দাবি জানিয়েছেন।

সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক জোটের শ্রমিক সমাবেশ ও লাল পতাকা র‌্যালি উদ্বোধনে তিনি বলেন, “জঙ্গিবাদী, মৌলবাদী, ফতোয়াবাজ তেতুঁলহুজুরেরা শ্রমিকদের মধ্যে বিভক্তি তৈরি করে, নারী শ্রমিকদের ঘরে বন্দি করে রাখতে চায়।

“সে কারণে ন্যূনতম জাতীয় মজুরির দাবি আদায়ের সংগ্রামের পাশাপাশি এ ষড়যন্ত্রীদের বিরুদ্ধেও শ্রমিকদের রুখে দাঁড়াতে হবে।”

জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ’র সভাপতি সাইফুজ্জামান বাদশার সভাপতিত্বে শ্রমিক সমাবেশে অন্যদের মধ্যে জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন বক্তব্য দেন। 

চারটি সংগঠনের সমন্বয়ে এক সমাবেশে জাতীয় গণফ্রণ্টের সমন্বয়ক টিপু বিশ্বাস বলেন, ১০০ বছরেরও বেশি আগে শ্রমিকদের আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে বহু শ্রমিককে হত্যা করা হয়।

“এর ১০০ বছর পরও আমাদের শ্রমিকদের আট ঘণ্টা কাজ নিশ্চিত করা যায়নি। অগণতান্ত্রিক সরকার শ্রমিকদের দাবি কখনও পূরণ করে না।”

শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সাম্য-সমতা ও সব ধরনের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশে নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূইয়া নৌ পরিবহন শ্রমিকসহ সব শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ২০ হাজার টাকার দাবি জানান।

তিনি বলেন, “সকল শ্রমিককে আইনি সুরক্ষা দিতে হবে। শ্রমিকদের জন্য গণতান্ত্রিক শ্রম আইন করতে হবে। সকল শিল্প প্রতিষ্ঠানে অবাধে ট্রেড ইউনিয়ন করার সুযোগ দিতে হবে।” 

মে দিবস উপলক্ষে অন্যান্য সংগঠনের মধ্যে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, লেবার ফেডারেশন, ফ্রি ট্রেড ইউনিয়ন কেন্দ্র, মুক্ত শ্রমিক ফেডারেশন, লেবার ফেডারেশন-যুব কমিটি, আওয়ামী নির্মাণ শ্রমিক লীগ, বাংলাদেশ স’ মিলস ওয়ার্কার্স ইউনিয়ন, গণতন্ত্রী পার্টি, ইসলামী শ্রমিক আন্দোলন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয় পুস্তক বাঁধাই শ্রমিক জোট, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট, ঢাকা মহানগরী প্রাইভেট কার ও ট্যাক্সি ক্যাব ড্রাইভার্স ইউনিয়নসহ আরও বহু সংগঠন মিছিল, সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।