২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরের বিষয়ে জানাতে গণমাধ্যমের সামনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2018, 01:16 PM

Updated : 08 Apr 2022, 06:18 PM

বুধবার বিকেল ৪টায় সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

১৫ থেকে ২৩ এপ্রিল সৌদি আরব ও যুক্তরাজ্য সফর করেন প্রধানমন্ত্রী। সৌদি আরবের দাম্মামে সৌদি সামরিক জোটের মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে লন্ডনে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বিশ্ব নেতাদের সামনের রোহিঙ্গা সঙ্কটের সমাধানের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। সরকারপ্রধানদের সম্মেলনের যৌথ ঘোষণায় রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে এবিষয়ে স্বাধীন তদন্তের দাবি জানানো হয়।

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে শেখ হাসিনা বিভিন্ন সেশনে অংশ নিয়ে বক্তব্য দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিশ্বের বিভিন্ন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন; ব্রিটেনের রানির দেওয়া নৈশভোজে অংশ নেন।

যুক্তরাজ্য থেকে দেশে ফিরে ২৬ থেকে ২৯ এপ্রিল অস্ট্রেলিয়া সফর করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে শুক্রবার সকালে সিডনিতে পৌঁছান তিনি। সকালেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ ও ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট দাং থি নাও থিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সেদিন রাতে শেখ হাসিনা যোগ দেন গ্লোবাল সামিট অন উইমেনে। নারী নেতৃত্বে সফলতার স্বীকৃতি হিসেবে ওই অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয় সম্মানজনক ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’।

বেশ কয়েকবছর ধরে বিদেশ সফর নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে আসছেন। তবে সফরের পাশাপাশি দেশের সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও তাকে প্রশ্ন করা হয় এবং তিনি উত্তর দেন।