রোহিঙ্গা সঙ্কটের দ্রুত সমাধান করুন: নিরাপত্তা পরিষদকে বাংলাদেশ
লাখ লাখ রোহিঙ্গার ভার বহ করে আসা বাংলাদেশের পক্ষ থেকে সঙ্কটের দ্রুত সমাধান করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তাগিদ দেওয়া হয়েছে।
সরেজমিনে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আসা নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই তাগিদ দেন।
তিনি বলেন, “রোহিঙ্গাদের দুর্ভোগের অবসানে নিরাপত্তা পরিষদের ত্বরিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
ঢাকার র্যাডিসন হোটেলের এই অনুষ্ঠানে জাতিসংঘের ক্ষমতাধর পরিষদ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের নেতা ও পরিষদের বর্তমান সভাপতি গুস্তাবো আদোলফো মেসা কুয়াদ্রা ভেলাসকাস পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে দ্রুত পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন, “কাজটি আমাদের দ্রুত করতে হবে। কারণ পরিস্থিতি বেশ জটিল।”
গত বছরের অগাস্টে মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনা অভিযান শুরুর পর দলে দলে রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশ সীমান্তে। মানবিক কারণে সীমান্ত খুলে দিয়ে তাদের আশ্রয় দেয় বাংলাদেশ সরকার।
পালিয়ে আসা রোহিঙ্গাদের মুখে মিয়ানমারের সৈন্যদের বিরুদ্ধে নির্বিচারে হত্যা, বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া ও ধর্ষণের অভিযোগ উঠে আসে। জাতিসংঘ কর্মকর্তারা একে জাতিগত দমন অভিযান হিসেবে বর্ণনা করেন।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে মিয়ানমার সরকার এই শরণার্থীদের ফেরত নিতে গত ডিসেম্বরে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও তাতে কোনো অগ্রগতি নেই।
শরণার্থী প্রত্যাবাসন দ্রুত শুরু করতে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার মধ্যে নিরাপত্তা পরিষদের সদস্যরা পরিস্থিতি সরেজমিন দেখতে এলেন।
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে রোববার ঢাকায় ফিরে র্যাডিসন হোটেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মীদের নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের নেতা গুস্তাবো আদোলফো মেসা কুয়াদ্রা ভেলাসকাস। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গারা রাখাইনে নিজ গ্রামে ফেরত যেতে চায়। তারা নিরাপদে, মর্যাদার সঙ্গে সেখানে যেতে চায়, চায় নিরাপত্তা।
“আমি নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাব, এজন্য যা যা করার দরকার করুন, যেন রোহিঙ্গারা নিরাপদে তাদের বাসস্থানে ফিরতে পারে।”
এক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।
শাহরিয়ার বলেন, জাতিসংঘের সিদ্ধান্তগ্রহণের কেন্দ্র নিরাপত্তা পরিষদকে বুঝতে হবে যে সঙ্কটের কেন্দ্র মিয়ানমারে।
তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে এই সঙ্কট সীমিত পরিসরে রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তাতেও থামছে না।
পরিস্থিতি এমন চলতে থাকলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেন প্রতিমন্ত্রী।
প্রতিনিধি দলের নেতা গুস্তাবো ভেলাসকাস বলেছেন, তারা নিরাপত্তা পরিষদে আলোচনা করে সম্ভাব্য সবচেয়ে ভালো সমাধানটি খুঁজে বের করার চেষ্টা করবেন, এই সঙ্কট থেকে চোখ ফিরিয়ে নেবেন না।
