পুরান ঢাকায় তড়িতাহত হয়ে এক ব্যক্তির মৃত্যু
পুরান ঢাকার ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পথচারীর মৃত্যু ঘটেছে।
জিন্নাত আলী (৪৮) নামে ওই ব্যক্তি রোববার সকাল ৯টার দিকে মহাজনপুর লেইনে বিদ্যুৎস্পৃষ্ট হন বলে তার জামাতা মো. রুবেল জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হেঁটে যাওয়ার সময় একটি বন্ধ দোকানের শাটারে হাত দিলে তিনি বিদ্যুৎপৃষ্ট হন।”
তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।
ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিন্নত আলীকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জিন্নাত আলী একজন সাইকেল মিস্ত্রি ছিলেন। তিনি থাকতেন ঢাকার বংশালে; তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়।
