বিকল্প না রেখে ফুটওভারব্রিজ অপসারণ, পথচারীদের ভোগান্তি
এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের কারণে ঢাকার বিমানবন্দর সড়কের শেওড়া বাসস্ট্যান্ডের ফুটওভারব্রিজটি তুলে নেওয়া হয়েছে, ফলে পারাপারের বিকল্প না থাকায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
বারিধারা ডিওএইচএস, শেওড়া, জোয়ারসাহারা, কুড়িল, কালাচাঁদপুর এলাকার লোকজন শেওড়া বাসস্ট্যান্ডে নেমে বিভিন্ন এলাকায় যাতায়াত করেন।
বুধবার দুপুরে সেখানে গিয়ে দেখা গেছে, ফুটওভারব্রিজটি খুলে নেওয়া হয়েছে। তবে দুপাশের সিঁড়ি এখনও আছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার থেকে ফুটওভারব্রিজ খুলে নেওয়া হচ্ছে।
প্রতিদিন রাতে ওভারব্রিজ খুলে নেওয়ার কাজ হয় বলে জানান শেওড়া বাসস্ট্যান্ডের দোকানি শফিকুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে “হুনছি এইখানে এই ব্রিজ রাখব না। কেন, তা বলতে পারব না।”
মানুষ পার হওয়ার সময় যানবাহনের গতি কমে যাচ্ছে, অনেক সময় গাড়ি থামিয়ে পথচারীদের পার হওয়ার সুযোগ করে দিচ্ছেন চালকরা।
বুধবার দুপুর আড়াইটার দিকে মেয়েকে নিয়ে দীর্ঘক্ষণ গলফ ক্লাবের সামনের দাঁড়িয়ে ছিলেন কালাচাঁদপুরের বাসিন্দা জানে আলম। যানবাহনের চাপ কমলে দৌড়ে সড়ক বিভাজকের কাছে যান তিনি। অনেক কসরত করে বিভাজক পার হয়ে সেখানে গিয়ে আরও কিছু সময় দাঁড়িয়ে থাকেন। বিমানবন্দরের দিক থেকে আসা যানবাহনের চাপ কমলে মেয়েকে নিয়ে অনেকটা দৌড়ে সড়কের শেওড়া বাসস্ট্যান্ডের ডিওএইচএস প্রান্তে আসেন তিনি।
রাস্তা পার হতে খুব কষ্টের কথা জানিয়ে জানে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই রাস্তাটা অনেক প্রশস্ত, গাড়িগুলাও খুব দ্রুত যায়। আবার ডিভাইডারে কোনো ফাঁকা না থাকায় উপরে উঠতে হয়। ফলে ঝুঁকি তো আছেই।
“কিন্তু কী করব, গাড়ি এখানে নামিয়ে দিয়েছে। এছাড়া কুড়িল দিয়ে পার হলে আবার আধা কিলোমিটার পথ হেঁটে আসতে হয়। এখানে একটা বিকল্প রাখা দরকার ছিল।”
আরেক পথচারী ডিওএইচএস এলাকার শাহজাহান সাজু বলেন, ফুটওভারব্রিজ উঠিয়ে নেওয়ায় এই বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।
ডিওএইচএস এলাকার একটি তৈরি পোশাক প্রতিষ্ঠানের কর্মকর্তা সৈয়দ আবু ওবায়েদ চৌধুরী বলেন, ফুটওভারব্রিজ ওঠানোর আগে বিকল্প ব্যবস্থা করা উচিৎ ছিল।
আরেক পথচারী জোয়ার সাহারার বাসিন্দা জাকির হোসেন ঝুঁকি দেখে কুড়িল বিশ্বরোড ঘুরে এসেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফুটওভারব্রিজ না থাকায় রাস্তা দিয়া পার হইতে ভয় লাগে।”
পথচারীদের পারাপারের সময় কোনো ট্রাফিক পুলিশ সদস্যকেও সেখানে দেখা যায়নি।
শেওড়া বাসস্ট্যান্ডে দায়িত্বরত ট্রাফিক পুলিশের একজন উপ-পরিদর্শক বলেন, ফুটওভারব্রিজ খুলে নেওয়া হবে, তা তারাও জানতেন না। এখন পথচারীদের পারাপারে খুবই সমস্যা হচ্ছে।
“এখানে রাস্তায় যানবাহন খুব দ্রুত গতিতে চলাচল করে। বিশেষ করে নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিরা খুব কষ্ট করে ঝুঁকি নিয়ে পার হয়। দুর্ঘটনার ভয় থাকে। আবার লোকজন পার হওয়ায় যানবাহন থেমে যাওয়ায় যানজট তৈরি হয়।”
এ বিষয়ে ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবালের মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি। তিনি দেশের বাইরে আছে বলে জানান উপ-বিভাগীয় প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প উঠবে বলে শেওড়ার ওভারব্রিজ সরিয়ে নেওয়া হচ্ছে। সেটি বনরূপা আবাসিক এলাকার সামনে সড়কে স্থাপন করা হবে।
এখান থেকে সরিয়ে সেটা এমইএসে স্থাপন করার চিন্তা থাকলেও তা করা হচ্ছে না বলে জানান সিনথিয়া।
“সেখানে আর্মিদের একটা আন্ডারপাস প্রকল্প আছে। সে কারণে আমরা বনরূপায় নিয়ে গিয়েছি।”
শেওড়া বাসস্ট্যান্ড এলাকার পথচারীদের পারাপারে কী হবে- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পথচারীদের কিছুটা সমস্যা হচ্ছে, এটা ঠিক। কিন্তু এই সড়কে অনেকগুলো উন্নয়নকাজ হচ্ছে। এ কারণে আমাদের যেভাবে বলা হচ্ছে, আমরা সেভাবে কাজ করছি।”
বিস্তারিত জানতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
পথচারীদের পারাপারে শেওড়া বাসস্ট্যান্ডে কোনো ব্যবস্থা রাখা হবে কি না- জানতে চাইলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক কাজী মুহাম্মদ ফেরদৌস বলেন, পাশে আরেকটি বানিয়ে দেওয়া হবে।
“এখন যেখানে আছে সেখান থেকে পঞ্চাশ মিটারের মতো সরিয়ে দেওয়া হবে। আগে আমাদের প্ল্যান ছিল যে আগে একটা ওভারব্রিজ বানিয়ে তারপর এটি সরানো হবে। কিন্তু সরিয়ে নিতে কোনো কারণে একটু সময় বেশি লেগেছে। এদিকে আমাদের কাজ শুরু হয়ে যাওয়ায় এটি সরিয়ে নিতে হয়েছে।”
