২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আধুনিক সিগন্যাল ব্যবস্থা আইটিএস বসছে ঢাকার সড়কে

ইন্টিগ্রেটেড ট্রাফিক সিস্টেম (আইটিএস) নামে একটি আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা বসছে ঢাকার সড়কে, যে ব্যবস্থায় সড়কে যানবাহন ও পথচারীর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সিগন্যাল পরিচালনায় সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত দেওয়া যাবে বলে আশা করছেন কর্তাব্যক্তিরা।

ওবায়দুর মাসুম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2018, 09:18 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

রাজধানীর সড়কে সঙ্কেত ব্যবস্থায় অব্যস্থাপনার মধ্যে নতুন এই পদ্ধতি চালুর কথা জানিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক সৈয়দ আহমদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে বলেন, জাপানের সহযোগিতায় পরীক্ষামূলকভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে এই ট্রাফিক ব্যবস্থা বসানো হবে। এ প্রকল্প সফল হলে আরও ১০০টি মোড়ে তা চালু করা হবে।

প্রথমে ফুলবাড়িয়া, পল্টন, মহাখালী রেলক্রসিং ও গুলশান-১ নম্বর মোড়ে এ সিগন্যাল বসানো হচ্ছে। প্রকল্পে ব্যয় হচ্ছে ৪৫ কোটি ২৪ লাখ টাকার বেশি।

২০১৭ সালের ২৩ নভেম্বর শুরু হওয়া এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা আগামী ৩০ মে। প্রকল্পের অবকাঠামো নির্মাণ করছে নাবিলা করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান। ইতোমধ্যে এ প্রকল্পের অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে।

ডিটিসিএর কর্মকর্তারা বলছেন, ২০১৯ সালের এপ্রিলে ওই চার মোড়ে জাপানি প্রযুক্তির আইটিএস বসানো হবে। এর আগে এক বছর এসব সিগন্যালে বর্তমান ব্যবস্থায় যানবাহন ও পথচারী পারাপার চললেও উঁচু সড়ক বিভাজক থাকবে, যাতে পথচারীদের এলোমেলো পারাপারের সুযোগ থাকবে না। সিগন্যাল হয়ে পারাপার হতে হবে। তাতে আইটিএস বসালে সবারই নতুন বিষয়টি মেনে নেওয়া সহজ হবে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফুলবাড়িয়া, পল্টন, মহাখালী ও গুলশান এলাকায় আইটিএস স্থাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ চলছে। সড়কে আলাদা লেইন নির্মাণ করা হয়েছে। তৈরি হয়েছে সড়ক বিভাজকও।

ইনটিগ্রেটেড ট্রাফিক সিস্টেমে প্রতিটি মোড়ে দুটি ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি যানবাহনের সংখ্যা নিরূপণে মোড়ের সব দিকের সড়কের প্রতিটি লেইনে ইমেজ ও আলট্রাসনিক ভেহিকেল ডিটেক্টর বসানো হবে। মোড় থেকে তিনশ মিটার দূরে স্থাপিত এসব ডিটেক্টর ওই সড়ক ধরে যাওয়া প্রতিটি যানবাহনের তথ্য ফাইবার অপটিকের মাধ্যমে ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল কম্পিউটারে পাঠাবে। একই সঙ্গে মোড়ে থাকা দুটি সিসি ক্যামেরা যানবাহন ও পথচারীর ছবি পাঠাবে সিসিটিভি মনিটরিং কম্পিউটারে।

এই দুই কম্পিউটার থাকবে ঢাকা মহানগর পুলিশের কন্ট্রোল রুমে। সেখানে থাকা স্বয়ংক্রিয় ‘মডারেটর’ যানবাহন শনাক্তকরণ যন্ত্র এবং সিসি ক্যামেরার তথ্যের সমন্বয়ে সিগন্যাল নিয়ন্ত্রণ করবে। যে সড়কে যানবাহন বেশি, সেই সড়কে বেশি সময় দেবে। পথচারীদের পারাপারের জন্যও সুযোগ করে দেবে এই সিগন্যাল ব্যবস্থা।

ডিটিসিএর নির্বাহী পরিচালক সৈয়দ আহমদ বলেন, “আমরা সিগন্যাল থেকে তিনশ মিটার দূরে সার্ভিলেন্স ক্যামেরা বসাব। ওই ৩০০ মিটার পর্যন্ত সে ট্রাফিককে পরিমাপ করতে পারবে। চারদিক থেকে আসা ট্রাফিককে পরিমাপ করে সে একটা স্বয়ংক্রিয় সিগন্যাল দেবে। সে-ই বলে দেবে কোন লেইন থেকে গাড়ি যাবে, কোন লেইনের গাড়ি আটকে থাকবে।”

Image
ইনটিগ্রেটেড ট্রাফিক সিস্টেম বসাতে অবকাঠামো নির্মাণ চলছে

ইনটিগ্রেটেড ট্রাফিক সিস্টেম বসাতে অবকাঠামো নির্মাণ চলছে

মহাখালী মোড় দিয়ে রেললাইন যাওয়ায় সেখানে এই সিগন্যাল ব্যবস্থায় রেলের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

“কারণ সেখানে জাহাঙ্গীর গেইটমুখী সড়ক ধরে যানবাহন আসা-যাওয়া করে। সেখানে সে রেলের টাইমের সঙ্গে সমন্বয় করে সিগন্যাল দেবে। রেল আসলে সে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। সে ওই সময় সিগন্যাল বন্ধ করে দেবে। এজন্য এটাকে বলা হয়েছে ইনটিগ্রেটেড ট্রাফিক সিস্টেম।”

ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে এর আগে নেওয়া বিভিন্ন উদ্যোগ মুখ থুবড়ে পড়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটা একটা ভালো উদ্যোগ। সফলতা নির্ভর করছে মানুষের মানসিকতার উপর।

“পথচারী, যানবাহনের চালক সবারই আইন না মানার প্রবণতা আছে। এ প্রকল্পটি বাস্তবায়নে আমাদের মানসিক পরিবর্তনটা দরকার। এ পদ্ধতি কাজ করতে শুরু করলে অভ্যস্ত হতে আমাদের হয়ত কিছু সময় লাগবে। এটাকে আমার বড় প্রতিবন্ধকতা মনে হয়। এছাড়া আর কোনো সমস্যা আমি দেখি না।”

এর আগেও বিভিন্ন প্রকল্পের আওতায় ঢাকায় ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছিল। সেগুলো এখন অকেজো।

১৫ সালের ১৫ মে রাজধানীর কাকলী থেকে শাহবাগ পর্যন্ত ১১টি পয়েন্টে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল-ব্যবস্থা চালু করা হয়েছিল। বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ঢাকার ৭০ জায়গায় সিগন্যাল বাতি বসানো হয়।

এরপর ২০১১-২০১২ অর্থবছরেও বিশ্ব ব্যাংকের অর্থায়নে ‘নির্মল বায়ু টেকসই উন্নয়ন’ প্রকল্পের আওতায় ঢাকার ৯২টি মোড়ে সিগন্যাল যন্ত্রপাতি বসানো হয়। তবে চালুর কিছুদিন পরই সেগুলো অকেজো হয়ে যায়।

তবে নতুন প্রকল্প নিয়ে আশাবাদী ঢাকার সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা একটা আশা নিয়ে এ প্রকল্পে সহযোগিতা করে যাচ্ছি। ডিটিসিএর প্রকল্প হলেও এর বেনিফিসিয়ারি তো আমরাই হব। এখন যানবাহন নিয়ন্ত্রণে বেশ সমস্যাই হচ্ছে।

“এ প্রকল্পে অটো টাইমিং থাকায় যান নিয়ন্ত্রণ সহজ হবে। এটা চালু করলে ভালোই হবে, আমরা আশাবাদী এটা নিয়ে।”