২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ কে আজাদকে দুদকে জিজ্ঞাসাবাদ ৯ মে

এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন; ডাকা হয়েছে ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকেও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2018, 08:27 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

এই দুজনের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডাকা হয়েছে বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুকে।

হা-মীম গ্রুপের মালিক আজাদকে ৯ মে সেগুন বাগিচায় কমিশন কার্যালয়ে উপস্থিত হতে নোটিস দেওয়া হয়েছে বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে এর আগে দুদক তাকে গত ৩ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। তখন তিনি দেশের বাইরে থাকায় সময় চেয়ে আবেদন করলে তাকে সময় দেওয়া হয়।

আজাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার কর ফাঁকি দিয়ে ঘোষিত আয়ের বাইরে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুদক। তা অনুসন্ধান করছেন দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী।

দুদকের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক ব্যক্তি গত অক্টোবরে এ কে আজাদের বিরুদ্ধে কমিশনের অভিযোগ করেন। সেখানে বলা হয়, আজাদ তার বিভিন্ন কোম্পানির কর ফাঁকি দিয়ে অবৈধ সম্পদ গড়েছেন এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। আমরা এখন সেটাই অনুসন্ধান করে দেখছি।”

মূলত তৈরি পোশাকের ব্যবসা দিয়ে প্রতিষ্ঠা পাওয়া ৫৯ বছর বয়সী আজাদ হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এই গ্রুপের ব্যবসা ছড়িয়ে আছে বস্ত্র, প্যাকেজিং,পাট, চা, রসায়ন, পরিবহনসহ বিভিন্ন খাতে। তিনি শাহজালাল ইসলামী ব্যাংকেরও একজন পরিচালক। 

Image
এ কে আজাদ

এ কে আজাদ

বেসরকারি টেলিভিশন স্টেশন চ্যানেল ২৪ এবং দৈনিক সমকাল আজাদের মালিকানাধীন টাইমস মিডিয়া লিমিটেডের দুটি প্রতিষ্ঠান। তিনি সমকালের প্রকাশক এবং চ্যানেল ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক।

জরুরি অবস্থার মধ্যে ২০০৮ সালে দেশের অনেক ব্যবসায়ীর মতো আজাদের বিরুদ্ধেও দুর্নীতির মামলা হয়েছিল। রমনা থানার ওই মামলায় ঘোষিত আয়ের বাইরে তার ২০ কোটি ৩৬ লাখ টাকার সম্পদ থাকার কথা বলা হয়েছিল।

তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অনেক মামলাতেই দুদক চূড়ান্ত প্রতিবেদন দেয়। আজাদের মামলাও তার মধ্যে একটি।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথকে দুদকে ডাকা হয়েছে আগামী ৮ মে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের গতবারের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন তাবিথ। এবারও তাকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছিল, তবে ভোট আটকে গেছে আদালতের আদেশে।

Image
তাবিথ আউয়াল

তাবিথ আউয়াল

তাবিথসহ মিন্টু পরিবারের অন্য সদস্যের নাম সম্প্রতি প্যারাডাইজ পেপারে এসেছিল।

দুদকের এক কর্মকর্তা বলেন, “তাবিথ আউয়ালের বিরুদ্ধে অবৈধভবে কোটি টাকা সম্পদ অর্জন ও দেশের বাইরে অর্থ পাচারের একটি অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।”

দুদকের উপ-পরিচালক আকতার হামিদ এই অভিযোগের অনুসন্ধান করছেন।

বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় সাবেক চেয়ারম্যান বাচ্চুকে এর আগে তিন দফায় জিজ্ঞাসাবাদ করেছিল দুদক। চতুর্থ দফায় তাকে তলব করা হয়েছে ৭ মে।

Image
আব্দুল হাই বাচ্চু

আব্দুল হাই বাচ্চু

সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি নিয়ে অভিযোগের মুখে থাকা বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুকে গত ৮ জানুয়ারি সর্বশেষ জিজ্ঞাসাবাদ করা হয়।

আবদুল হাই বাচ্চুর সম্পদ নিয়ে অনুসন্ধান চালাচ্ছেন কমিশনের উপ-পরিচালক শামসুল আলম।

বাচ্চুকে ২০০৯ সালে বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। ঋণ কেলেঙ্কারির অভিযোগ উঠলে ২০১৪ সালে চাপের মুখে তিনি পদত্যাগ করেন।

বাচ্চু চেয়ারম্যান থাকাকালেই রাষ্ট্রায়ত্ত ব্যাংটির ঋণ বিতরণে অনিয়মের ঘটনাগুলো ঘটে, পরে দুদক ৫৬টি মামলা করে। দুই দিনে ৫৬টি মামলার মধ্যে ১৫টির বিষয়ে দুদকের তদন্ত কর্মকর্তারা বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করেন।

পুরনো খবর:

অবৈধ সম্পদের খোঁজে এ কে আজাদকে দুদকে তলব