২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে ১৩৯ বাংলাদেশি পুলিশ পেলেন জাতিসংঘ মেডেল

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ মিশনে দায়িত্বরত বাংলাদেশের পুলিশ বহিনীর ১৩৯ জন সদস্যকে শান্তি প্রতিষ্ঠায় তাদের ভূমিকার জন্য পুরস্কৃত করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2018, 02:55 PM

Updated : 11 Oct 2022, 12:17 PM

মলির রাজধানী বামাকোতে জাতিসংঘ মিশন এমআইএনইউএসএমএ-এর ঘাঁটিতে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বাংলাদেশি পুলিশ সদস্যদের জাতিসংঘ মেডেল পরিয়ে দেওয়া হয়। 

এ মিশনের পুলিশ কমপোনেন্টের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল জ্যঁ-ফ্রেদিরিক সেলিয়ে এক বিবৃতিতে বলেন, “এই বাংলাদেশি পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সঠিকভাবে পালন করেছেন।

“এমআইএনইউএসএমএ-এর পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই।”    

জাতিসংঘ মহাসচিবের ডেপুটি স্পেশাল রিপ্রেজেন্টেটিভ কোয়েন দাভিদসে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

মালিতে জাতিসংঘ শান্তি মিশনের কার্যক্রম শুরু হয় ২০১৩ সালে। তখন থেকে মোট চার দফায় বাংলাদেশ পুলিশ বহিনীর সদস্যরা সেখানে গিয়ে দায়িত্ব পালন করেছেন। 

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের দিক দিয়ে বাংলাদেশ রয়েছে সামনের কাতারে। বর্তমানে প্রায় সাত হাজার বাংলাদেশি জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছেন, যাদের মধ্যে ১৬০০ সদস্য আছেন মালিতে।