সাম্প্রদায়িক সন্ত্রাসী প্রতিহতে ‘পদক্ষেপ নিচ্ছে না সরকার’
সাম্প্রদায়িক সন্ত্রাসীদের প্রতিহত করতে সরকার যথাযথ ‘পদক্ষেপ নিচ্ছে না’ বলে অভিযোগ করেছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন।
বিকাল ৫টার মধ্যে বর্ষবরণ অনুষ্ঠান শেষ করা এবং মঙ্গল শোভাযাত্রায় মুখোশ ব্যবহার নিষিদ্ধের সরকারি সিদ্ধান্তকে ‘একতরফা’ আখ্যা দিয়ে এর নিন্দা জানান উদীচীর নেতারা।
বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের সময় নিয়ন্ত্রণ এবং মুখোশ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের ডাক দিয়েছিল উদীচী।
তারই অংশ হিসেবে শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে হয় সংগঠনটির কেন্দ্রীয় সংসদের আয়োজনে এই সমাবেশ।
শুক্রবার দেশে ও দেশের বাইরে অবস্থিত উদীচীর সাড়ে তিন শতাধিক শাখার উদ্যোগে একযোগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
শাহবাগের সমাবেশে যোগ দিয়ে জামশেদ আনোয়ার তপন বলেন, “সরকার সাম্প্রদায়িক সন্ত্রাসীদের প্রতিহত করতে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।সাম্প্রদায়িক ধর্মান্ধ গোষ্ঠী ধারাবাহিকভাবে এদেশের চিরায়ত সংস্কৃতির উপর বর্বর আক্রমণ চালিয়ে আসছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় নিয়ন্ত্রণের মাধ্যমে সাংস্কৃতিক জাগরণ বন্ধ করা যাবে না।”
উদীচীর সভাপতি অধ্যাপক সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, অধ্যাপক এ এন রাশেদা, চিত্রশিল্পী আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সঙ্গীতা ইমাম ও ইকবালুল হক খান।
লিটন নন্দী বলেন, “বর্ষবরণ অনুষ্ঠানের সময় সঙ্কোচনের মাধ্যমে প্রকৃতপক্ষে যারা বাঙালি সংস্কৃতিকে সীমাবদ্ধ করে রাখতে চায় তাদের স্বার্থই রক্ষা করা হলো।”
অমিত রঞ্জন দে বলেন, “বিভিন্ন সময়ে মৌলবাদী অপশক্তির আক্রমণ ও রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার অভাবে যাত্রাপালাসহ সংস্কৃতির অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দুর্বল হয়ে পড়েছে।”
পরে সমাবেশে দলীয় সঙ্গীত পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদ ও মিরপুর শাখা সংসদের শিল্পীরা। একক সঙ্গীত পরিবেশন করেন আনান বাউল ও উচ্ছ্বাস পাল। আবৃত্তি পরিবেশন করেন বেলায়েত হোসেন, শিখা সেনগুপ্তা ও সুমিত পাল।
