২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংশোধনী অবৈধ, মুক্তিযোদ্ধারা চাকরির সুবিধা ‘পাবেন’ ৬১ বছর পর্যন্ত

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির সুযোগ যথেষ্ট নয় বিবেচনা করে ‘গণকর্মচারী (অবসর) আইনে’ ২০১৩ আনা সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2018, 09:26 PM

Updated : 19 Aug 2022, 01:53 PM

আদালত বলেছে, মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬১ হওয়া উচিত ছিল। আইনে তার বদলে ৬০ বছর করা হয়েছে, যা সংবিধান পরিপন্থি ও বৈষম্যমূলক। তাই মুক্তিযোদ্ধারা ৬১ বছর পর্যন্ত সরকারি চাকরির সকল সুবিধা পাবে বলে আদালত মনে করে।

অবসরের বয়সসীমা বাড়ানো নিয়ে মুক্তিযোদ্ধাদের করা একটি রিট আবেদনের বিচার শেষে বুধবার এ রায় এসেছে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চ থেকে।

আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম সিদ্দিকুর রহমান খান ও গাজী মোস্তাক আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক।

রায়ের পর গাজী মোস্তাক আহমেদ সাংবাদিকদের বলেন, “যে মুক্তিযোদ্ধারা এখনও সরকারি চাকরিতে আছেন, এ রায়ের ফলে তারা ৬১ পর্যন্ত চাকরির সুবিধা ভোগ করতে পারবেন বলে আমরা মনে করি “

তবে রিটকারীদের অপর আইনজীবী এ বি এম সিদ্দিকুর রহমান খান বলেন, “চাকরিতে থাকা মুক্তিযোদ্ধারা ৬১ বছর চাকরির সুবিধা পাবেন কিনা, সেখানে পর্যালোচনার বিষয় রয়েছে। তবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে চাকরির অবসরের বয়সসীমা ৬১ বছর করা উচিৎ ছিল মত দিয়ে ওই আইনের ৬০ বছরের সংশোধনী যেটা সরকার করেছিল, সেটা আদালত অবৈধ বলে বাতিল করেছে “

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরের বছর ২০১০ সালে ১৯৭৪ সালের গণকর্মচারী (অবসর) আইন সংশোধন করে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করে।

তখন সরকারের অন্য কর্মকর্তাদের অবসরের বয়সসীমা ছিল ৫৭ বছর, যা পরে ৫৯ বছর করা হয়।

এই প্রেক্ষাপটে একটি রিট আবেদন হলে ২০১৩ সালে আবারও আইন সংশোধন করে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা আরও এক বছর বাড়ানো হয়। সে অনুযায়ী বর্তমানে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স ৬০ বছর।

ওই বিধান চ্যালেঞ্জ করে গত বছর হাই কোর্টে দুটি রিট আবেদন করেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মহা ব্যবস্থাপক মুক্তিযোদ্ধা তপন কুমার সাহা এবং সোনালী ব্যাংকের উপ মহা ব্যবস্থাপক মশির উদ্দিন।

আদালত প্রথমে আলাদাভাবে শুনানি নিয়ে রুল জারি করে। মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরির বয়সসীমা দুই বছর বাড়ানোর নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হবে সেখানে।

পরে রুল দুটি একিভূত করে রিট আবেদনকারীদের সম্পূক আবেদনের প্রেক্ষিতে ‘গণকর্মচারী (অবসর) (সংশোধন) আইন, ২০১৩ এর ধারা ৪ এর অ (১) কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট। সে রুলেরই চূড়ান্ত শুনানি শেষে বুধবার রায় এল।

রায়ের পর রিটকারীদের আইনজীবী সিদ্দিকুর রহমান খান সাংবাদিকদের বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬১ বছর করার সুপারিশ করেছিল। তখন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল মন্ত্রণালয়।

কিন্তু সরকার ২০১৩ সালে আইনটি সংশোধন করে চাকরি বয়সসীমা কেবল এক বছর বড়ানোর ফলে সেখানে সংসদীয় কমিটির সুপারিশের প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেন এই আইনজীবী।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণকর্মচারী (অবসর) আইনের সংশোধিত ধারাটি অবৈধ ঘোষণা করে তা বাতিল করেছে আদালত। আদালত রায়ে বলেছে, এর সুবিধা রিটকারীরা পাবেন। তবে কীভাবে পাবেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।”

নাজমুল হক বলেন, সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা নির্ধারণ করবে সরকার। এটা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। ফলে এতে ‘আদালতের হস্তক্ষেপের কোনো বিষয়’ নেই।

“সরকারের এ এখতিয়ার আছে। এমনটা সরকার করতে পারে, এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।”

আইন সচিব এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলাপ-আলোচনা করে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল।