২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে চীনের নতুন রাষ্ট্রদূত জ্যাং জু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2018, 05:18 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

চীনের রাষ্ট্রদূত সোমবার স্পিকারের সঙ্গে সাক্ষাতে যান বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্পিকার চীনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং উন্নয়ন অংশীদার। দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুসম্পর্ক বিদ্যমান। এ সম্পর্ককে আরও বৃদ্ধি করে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

রোহিঙ্গা সঙ্কট অবসানে চীনের সহযোগিতা কামনা করে শিরীন শারমিন বলেন, বাংলাদেশ আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ স্থায়ী প্রত্যাবর্তন চায়।

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন জ্যাং জু।

রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবর্তনে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস চীনের রাষ্ট্রদূত দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।