২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএসে পিছিয়ে পড়ছে নারীরা

দেশে বিভিন্ন ক্ষেত্রে নারীরা এগিয়ে গেলেও বিসিএসের চৌকাঠ পেরিয়ে সরকারি চাকরিতে যোগ দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে।

সাজিদুল হক

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 09:28 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

রোববার জাতীয় সংসদে উপস্থাপিত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বার্ষিক প্রতিবেদন-২০১৭ বিশ্লেষণে দেখা যায়, গত পাঁচটি বিসিএস পরীক্ষার সুপারিশপ্রাপ্তদের মধ্যে নারী প্রার্থীর হার ক্রমান্বয়ে কমছে।

সংসদ কাজে সরকারি কর্ম কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে সংসদে এই প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ হয়। কয়েকটি ধাপ পেরিয়ে মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত তালিকা করে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্মকমিশন; তা অনুসরণ করে সরকার কর্মকর্তা নিয়োগ দেয়।    

প্রতিবেদন অনুযায়ী, ৩২তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণের ক্ষেত্রে পুরুষের চেয়ে এগিয়ে ছিল নারীরা। ওই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে নারী ছিল ৫৫ দশমিক ১ শতাংশ (৯২৩ জন), পুরুষ ছিল ৪৪ দশমিক ৯০ শতাংশ (৭৫২ জন)।

এরপর থেকে নারীর হার ক্রমেই কমছে।

>> ৩৩তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে পুরুষ ৬১ দশমিক ৭৪ শতাংশ (৫২৫২জন); নারী ৩৮ দশমিক ২৬ শতাংশ (৩ হাজার ২৫৫ জন)

>> ৩৪তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে পুরুষ ৬৪ দশমিক ৩৮ শতাংশ (১৪০১ জন); নারী ৩৫ দশমিক ৬২ শতাংশ (৭৭৫জন)

>> ৩৫তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে পুরুষ ৭২ দশমিক শূন্য ৭ শতাংশ (১ হাজার ৫৭২ জন); নারী ২৭ দশমিক ৯২ শতাংশ (৬০৯ জন)

>> ৩৬তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে পুরুষ ৭৩ দশমিক ৭৮ শতাংশ (১৭১৪ জন); নারী ২৬ দশমিক ২২ শতাংশ (৬০৯ জন)।

Image
এই নারীরা অংশ নিয়েছিলেন ৩৬তম বিসিএস পরীক্ষায়, যে পরীক্ষায় পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম নারী উত্তীর্ণ হন (ফাইল ছবি)

এই নারীরা অংশ নিয়েছিলেন ৩৬তম বিসিএস পরীক্ষায়, যে পরীক্ষায় পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম নারী উত্তীর্ণ হন (ফাইল ছবি)

প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, সংখ্যার দিক থেকে সব চেয়ে বেশি নারী প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় ৩৩তম বিসিএসে ৩ হাজার ২৫৫ জন; আর সবচেয়ে কম উত্তীর্ণ হয় ৩৬তম বিসিএসে ৬০৯ জন।

গত বছর (২০১৭ সালে) চূড়ান্ত ফল প্রকাশ করা ৩৬তম বিসিএস পরীক্ষা পর্যালোচনা করে দেখা গেছে, এতে মোট যোগ্য পরীক্ষার্থী ছিল ২ লাখ ১১ হাজার ২৮২ জন। এর মধ্যে পুরুষ ছিল ১ লাখ ৪১ হাজার ২৭০ জন (৬৬ দশমিক ৮৬ শতাংশ), নারী ৭০ হাজার ৬ জন (৩৩ দশমিক ১৩ শতাংশ) ও তৃতীয় লিঙ্গ ৬ জন (০.০০৩ শতাংশ)।

পরীক্ষার্থীদের মধ্যে প্রিলিমিনারি টেস্টে এক লাখ ৯ হাজার ২ জন (৭৯ দশমিক ৭০ শতাংশ) ‍পুরুষ ও দুই হাজার ৭৭৭ জন (২০ দশমিক ৩০ শতাংশ) নারী উত্তীর্ণ হয়।

লিখিত পরীক্ষায় চার হাজার ৭৮০জন (৭৯ দশমিক ৮০ শতাংশ) পুরুষ ও এক হাজার ২১০জন (২০.২০শতাংশ) নারী উত্তীর্ণ হয়। এরপর মৌখিক পরীক্ষা নিয়ে  নিয়োগের সুপারিশপ্রাপ্তদের (চূড়ান্তভাবে উত্তীর্ণ) মধ্যে এক হাজার ৭১৪ জন (৭৩.৭৮ শতাংশ) ছিলেন পুরুষ এবং ৬০৯ জন (২৬ দশমিক ২২ শতাংশ) ছিলেন নারী।