মেডিকেলের বর্জ্য শোধনে দ্রুত ব্যবস্থা নয় কেন: হাই কোর্ট
দূষণ থেকে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় দেশের হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলাতে বর্জ্য শোধনাগার স্থাপনে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।
দূষণ থেকে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় ‘মেডিকেল বর্জ্য প্রক্রিয়া, ব্যবস্থাপনা ও পরিবহন আইন’ অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি হয়েছে।
জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ রোববার এ রুলসহ আদেশ দেয়।
একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ এর বিধি ৭ এর উপবিধি (৬) এর (গ) (আ) অনুসারে সরকারি-বেসরকারি হাসপাতা-ক্লিনিকসহ চিকিৎসা প্রতিষ্ঠানে বর্জ্য শোধনাগার (ইফ্লুয়েন্ট ট্রিটম্যান্ট প্লান্ট-ইটিপি) স্থাপনের নির্দেশ কেন দেওয়া হবে না এবং একই সঙ্গে মেডিক্যাল-বর্জ্য (প্রক্রিয়া ও ব্যবস্থাপনা) বিধিমালা ২০০৮ এর বিধি ৩ অনুসারে দেশের প্রতিটি প্রশাসনিক বিভাগে বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কেন করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
বন ও পরিবেশ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির মহাসচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মহিদুল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমকে পরে মহিদুল কবির বলেন, “পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ এর বিধিমালা অনুযায়ী হাসপাতাল-ক্লিনিকসহ সকল চিকিৎসা প্রতিষ্ঠানে মেডিক্যাল বর্জ্য শোধনাগার স্থাপনের বিধান রয়েছে।”
কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বাণিজ্যিক চিকিৎসা প্রতিষ্ঠান (ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনোসিস সেন্টার) গড়ে উঠলেও মেডিক্যাল বর্জ্য প্রক্রিয়া বা পরিশোধনে কোনো ব্যবস্থা রাখা হচ্ছে না।
উন্মুক্ত স্থানে যত্র-তত্র রাখা হচ্ছে অথবা ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণ ঘটছে; যা সার্বিকভাবে জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।”
আদালত রুল জারির পাশাপাশি স্বাস্থ্য সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে আগামী ২২ জুলাইয়ের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে।
২৬ জুলাই পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন নির্ধারণ করা হয়েছে বলে জানান এ আইনজীবী।
উন্মুক্তস্থানে মেডিকেল বর্জ্য রাখা বিষয়ক একটি ইংরেজি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাই কোর্টে রিট পশ্চিম রামপুরার বাসিন্দা মো. আল আমীন।
