২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলি তালুকদারসহ ৭ পোশাক শ্রমিক নেতার জামিন

বিজিএমইএ ভবনে হামলা-ভাংচুরের মামলায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদারসহ সংগঠনটির সাত নেতাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 01:20 PM

Updated : 19 Aug 2022, 01:51 PM

তাদের পক্ষে জামিনের আবেদন শুনে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি আইনজীবী মন্টু ঘোষ; সঙ্গে ছিলেন মো. আনজারুল হাসান ও আনোয়ার হোসেন রেজা।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও এ কে এম আমিন উদ্দিন মানিক।

জামিন পাওয়া বাকি ৬ জন হলেন- গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক কে এম মিন্টু, আন্তর্জাতিক সম্পাদক মঞ্জুর মঈন, কেন্দ্রীয় সদস্য মো. শাহজাহান, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল হাওলাদার, সাভার আশুলিয়া শাখার সভাপতি লুৎফর রহমান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য সাজেদুর রহমান শামীম।

আইনজীবী আনজারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্তবর্তীকালীন জামিন সাধারণত ছয় মাসের হয়ে থাকে। আদেশ পেলে জামিনের মেয়াদটা সঠিকভাবে বলা যাবে।”

গত ৩১ জানুয়ারি বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনে গেলে বিজিএমইএর কর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজিএমইএর অতিরিক্ত সচিব (প্রশাসন) রফিকুল ইসলাম এঘটনায় হামলা ও হত্যার চেষ্টার অভিযোগ এনে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত একশ থেকে দেড়শ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন।

মুক্তির দাবিতে বিক্ষোভ

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাত নেতার মুক্তির দাবিতে সমাবেশ করেছে গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে সংগঠনের সমন্বয়ক মাহবুবুর রহমান ইসমাইল বলেন, “বিজিএমইএ ও সরকার গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন দমানোর জন্য পরিকল্পিতভাবে এই মামলা দিয়ে শ্রমিক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে।”

সমাবেশে গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, “সরকার-মালিকদের যোগসাজশের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সারাদেশের শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এর দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।”

ওই মামলার আসামি শ্রমিক নেতা মন্টু ঘোষ বলেন, বিজিএমইএ ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানি করছে।

ওয়ার্কার্স গার্মেন্ট ফেডারেশনের সভাপতি ইয়াসিন মিয়া ও গার্মেন্ট শ্রমিক সংহতি আন্দোলনের প্রধান তাসলিমা আক্তারও সমাবেশে বক্তব্য রাখেন।

পুরনো খবর:

৭ পোশাক শ্রমিক নেতা কারাগারে