পরিচ্ছন্নতায় বিশ্বরেকর্ড গড়ার আশা ডিএসসিসির
নগর পরিচ্ছন্নতায় বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আগামী ১৩ এপ্রিল নগর ভবন থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত পরিচ্ছন্নতায় সচেতনতামূলক শোভাযাত্রা ধরে এই আশার কথা শোনান ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভারতের আহমেদাবাদের একটি শহরে ৫ হাজার ৫৬ জন স্বেচ্ছাসেবক নিয়ে এক কিলোমিটার মিটার রাস্তা পরিষ্কার করে গিনেস বুকে স্থান করে নিয়েছে।
“আগামী চৈত্র সংক্রান্তির দিনে অর্থাৎ, ১৩ এপ্রিল প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের মাধ্যমে ডিএসসিসি এবার সেই রেকর্ডকে ভেঙে নতুন রেকর্ডে গড়বে।”
রেকিট অ্যান্ড বেনকিজারের আয়োজনে এই ‘ডেটল ঢাকা পরিচ্ছন্ন কর্মসূচি’তে সব শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, রেকর্ডে অন্তর্ভুক্ত করতে পারলে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হবে।
১৩ এপ্রিলের কর্মসূচির বিস্তারিত জানিয়ে তিনি বলেন, “১৩ এপ্রিল সকাল ৯টায় শহরের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে নগর ভবনে জমায়েত হব। সেখান থেকে জিরো পয়েন্টের দিকে শোভাযাত্রা নিয়ে প্রতীকী কর্মসূচী পালন করবো। রেকর্ড গড়া আমাদের চেষ্টা। এর মধ্যদিয়ে আমরা পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে চাই। আমরা আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন বাসযোগ্য ঢাকা উপহার দিতে চাই।”
সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর,
রেকিট বেনকিজারের বিপণন পরিচালক সৈয়দ তানজিম রেজওয়ান, গাজীটিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফয়েজ উপস্থিত ছিলেন।
ডেটল পরিচ্ছন্ন ঢাকা কর্মসূচিতে সহযোগিতা করছে ঢাকা মহানগর পুলিশ ও গাজী টিভি।
