২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়া কাপ ক্রিকেটের ফাইনালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাংলাভিশনকে হারিয়ে সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 10:09 AM

Updated : 11 Oct 2022, 12:15 PM

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম সেমি ফাইনালে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সিক্স-এ সাইডের এই খেলায় টসে জিতে নির্ধারিত ৬ ওভারে ৬১ রান করে গতবারের চ্যাম্পিয়ন বাংলাভিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খেলোয়াড়রা কোনো উইকেট না হারিয়েই ৬২ রান করে ফাইনাল নিশ্চিত করে।

বল হাতে দুই উইকেট নেওয়ার পাশাপাশি ৪৬ রানে অপরাজিত থাকেন বিজয়ী দলের আরিফুল ইসলাম রনি, যিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান ক্রিকেট করেসপনডেন্ট। এ আসরে টানা চতুর্থবারের মত ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনি।

দলের অধিনায়ক কামাল হোসেন তালুকদার অপরাজিত ছিলেন ১৩ রানে।

মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে লড়াই চলছে চ্যানেল আই ও চ্যানেল টোয়েন্টিফোরের মধ্যে। তাদের মধ্যে বিজয়ী দল বেলা ১১টায় ফাইনালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুখোমুখি হবে।

প্রথম রাউন্ডে দৈনিক সংবাদ প্রতিদিনকে ৪৩ রানে, দ্বিতীয় রাউন্ডে দৈনিক ইত্তেফাককে ৫ উইকেটে এবং তৃতীয় রাউন্ডে গাজী টিভিকে ৩ উইকেটে পরাজিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সোমবার কোয়ার্টার ফাইনালে দৈনিক আলোকিত বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে পৌঁছায় সেমিফাইনালে।

ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে ৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

টিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার (অধিনায়ক), নুরুল ইসলাম হাসিব, আরিফুল ইসলাম রনি, মইনুল হক চৌধুরী, শহীদুল ইসলাম, কাজী মোবারক হোসেন, ফারহান ফেরদৌস, তাবারুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক লিটন হায়দার ম্যানেজার এবং বার্তা সম্পাদক মুনীরুল ইসলাম কোচের দায়িত্বে আছেন।