টেকসই উন্নয়নে শিক্ষা নিয়ে সম্মেলন হবে ঢাবিতে
বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে শিক্ষার ভূমিকা, শিক্ষাক্ষেত্রে করণীয় এবং শিক্ষাক্ষেত্রের সম্ভাবনার উপর আলোকপাত করে দুই দিনব্যাপী একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ‘বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন: শিক্ষায় করণীয় চ্যালেঞ্জ এবং সম্ভাবনা’ শিরোনামে এই সম্মেলন হবে।
শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের আইইআরের লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শনি ও রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবন ও আইইআর ভবনে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।
সম্মেলনে ১১৩টি মৌলিক গবেষণাপত্র ও গবেষণাধর্মী চারটি ‘থিম পেপার’ উপস্থাপন করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা সংশ্লিষ্ট সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা এসব আলোচনায় উপস্থিত থাকবেন।
সম্মেলনের লক্ষ্য হিসেবে বলা হয়, জাতীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নে সংশ্লিষ্ট গবেষকদের মাঝে একটি প্ল্যাটফর্ম তৈরি, যাতে এই অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এসডিজিতে সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়তা করা যায়।
শনিবার সকাল ৯টায় সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ইউনেস্কো বাংলাদেশের প্রধান বিয়েট্রিচ কালদুন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ইউসুফ আলী মোল্লা, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসেন, একুশে পদকজয়ী অধ্যাপক শরিফা খাতুন উপস্থিত থাকবেন।
সম্মেলনের দ্বিতীয় দিন রোববার থাকছে শিক্ষা ও উন্নয়ন বিষয়ক দুটি কর্মশালা এবং শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে এই অনুষ্ঠানে থাকবেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ওয়াহিদুজ্জামান এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান।
অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতার বলেন, “কনফারেন্স থেকে যে ধরনের প্ল্যান উঠে আসবে তা বাস্তবায়নের জন্য আমরা সরকারের কাছে সুপারিশ করব। এ রকম গুরুত্বপূর্ণ আয়োজন থেকে সুপারিশ পাওয়ার জন্য মিনিস্ট্রিও অপেক্ষা করছে।”
