২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমসাধ্য কাজে সম্মানী পাবেন সরকারি চাকুরেরা

দৈনন্দিন কাজের বাইরে সরকারি কর্মচারীরা ‘আকস্মিক, শ্রমসাধ্য ও ‍কৃতিত্বপূর্ণ’ বিশেষ কাজ করলে অতিরিক্ত সম্মানী দেবে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 11:43 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মচারীদের জন্য আকস্মিক, কঠোর শ্রমসাধ্য বা কৃতিত্বপূর্ণ কাজের জন্য সম্মানী মঞ্জুরি করে বুধবার পরিপত্র জারি করেছে অর্থ বিভাগ।

এতে বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরে কর্মরত কর্মচারীদের রুটিন কাজের বাইরে আকস্মিক, কঠোর শ্রমসাধ্য বা কৃতিত্বপূর্ণ বিশেষ ধরণের কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্মানী হিসেবে দেওয়া যাবে।

অর্থ বিভাগ থেকে জারিকৃত আর্থিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত আদেশ অনুসরণ করে এই সম্মানী দিতে হবে।

“অর্থ বিভাগের আর্থিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী বাজেটে অর্থ সংকুলান সাপেক্ষে সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগের সচিব একজন কর্মচারীকে বছরে একবার সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত সম্মানী দিতে পারবেন।”

তবে কোনো কর্মচারীকে ১০ হাজার টাকার বেশি বা একই অর্থ বছরে একবারের বেশি যে কোনো পরিমাণের সম্মানী দেওয়ার ক্ষেত্রে অর্থ বিভাগের সম্মতি বা অনুমোদন নিতে হবে।

বেতন কাঠামোর পঞ্চম গ্রেডে কর্মরত উপসচিব এবং নবম গ্রেডের সহকারী সচিব এবং ষষ্ঠ গ্রেডে কর্মরত জ্যেষ্ঠ সহকারী সচিবদের মধ্য থেকে ৩০ শতাংশ কর্মচারীকে সম্মানীর জন্য নির্বাচন করা যাবে।

আর ১০ম থেকে ১৬তম গ্রেডের কর্মচারীদের মধ্য থেকে ৩৫ শতাংশ এবং ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মধ্য থেকে ৪০ শতাংশ কর্মচারীকে সম্মানী দেওয়ার জন্য নির্বাচন করা যাবে বলে পরিপত্রে বলা হয়েছে।

সম্মানী দেওয়ার জন্য জারিকৃত অফিস আদেশে আকস্মিক, কঠোর শ্রমসাধ্য বা কৃতিত্বপূর্ণ সুনির্দিষ্ট কোন কাজের জন্য সম্মানী দেওয়া হয়েছে তা উল্লেখ করতে হবে।

মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের রুটিন কাজের জন্য এ সম্মানী দেওয়া যাবে না।