মুদ্রাপাচারের বিরুদ্ধে লড়াই বিধির অভাবে আটকে: দুদক
আইনি সীমাবদ্ধতার কারণে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মুদ্রাপাচারের বিরুদ্ধে লড়াইয়ে ‘দুর্বল’ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি বিরোধী সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
তিনি বলছেন, দুদক ছাড়াও এনবিআর, পুলিশের সিআইডি এবং বাংলাদেশ ব্যাংক অর্থ পাচারের ঘটনার তদন্ত করতে পারে। কিন্তু মুদ্রাপাচার নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় বিধিমালা চূড়ান্ত না হওয়ায় এসব প্রতিষ্ঠান মামলা করতে বা অর্থ পাচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে বুধবার দুদক কার্যালয়ে মিডিয়া অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানের উপস্থিতিতে এ বিষয়ে কথা বলেন ইকবাল মাহমুদ।
আগে মুদ্রাপাচারের ঘটনা তদন্তের সার্বিক দায়িত্ব ছিল দুদকের ওপর। কোনো ক্ষেত্রে দুদক অন্য কোনো সংস্থাকে দায়িত্ব দিলে তারপর তারা এ তদন্তে যুক্তি হতে পারত। দুদকের ভার লাঘবে এবং মুদ্রা পাচার ঠেকানোর লড়াই আরও গতিশীল করতে ২০১৫ সালে ওই আইন সংশোধন করা হয়।
সেখানে বলা হয় ঘুষ ও দুর্নীতি সংক্রান্ত মুদ্রা পাচারের ঘটনা ঘটলে তা তদন্তের দায়িত্ব দুদকের হাতে থাকবে। অন্যান্য অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা (পুলিশ, এনবিআর বা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর) তদন্তের দায়িত্ব নেবে। প্রয়োজনে যৌথ তদন্তের সুযোগও থাকবে।
ইকবাল মাহমুদ বলছেন, দুদক এখন মুদ্রাপাচারের কিছু ঘটনায় মামলা করতে পারলেও ‘বড় জায়গায়’ তাদের ‘হাত পা বাঁধা’।
“কারণ আইনটা এমনভাবে সংশোধন করা হয়েছে যে, দুদক শুধুমাত্র সরকারি কর্মচারীদের মানিলন্ডারিং দেখবে। তাহলে অন্য মানি লন্ডারিং কে দেখবে? বাংলাদেশ ব্যাংক দেখবে? তারা সেজন্য অনুমোদিত কর্তৃপক্ষ নয়।
দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে বুধবার দুদক মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। ছবি: আসিফ মাহমুদ অভি
এই সীমাবদ্ধতায় প্রতিষ্ঠান হিসেবে দুদক, এনবিআর, সিআইডি ও বাংলাদেশ ব্যাংক ‘দুর্বল হয়ে গেছে’ মন্তব্য করে ইকবাল মাহমুদ বলেন, “একটা রুলস করার জন্য বহুদিন ধরে চেষ্টা করছি, ২০১৫ সাল থেকে সেটা এখনও হয়নি। এটা অত্যন্ত হতাশার, এ কারণে কেউ মামলা করতে পারছে না।”
অর্থ প্রতিমন্ত্রীর সামনে তিনি প্রশ্ন রাখেন- “তাহলে স্যার, আপনি কীভাবে মানি লন্ডারিং বন্ধ করবেন?”
বাংলাদেশ থেকে কী পরিমাণ তথ্য পাচার হয়, সে বিষয়ে সরকারি কোনো তথ্য নেই। তবে গতবছর ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইনানশিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) এক প্রতিবেদনে বলা হয়, ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত দশ বছরে বাংলাদেশ থেকে ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে।
ইকবাল মাহমুদ অনুষ্ঠানে বলেন, বাংলাদেশে অর্থ পাচারের যেসব ঘটনা সামনে আসছে, তার বেশিরভাগেই ‘ট্রেড বেইজড মানিলন্ডারিং’ বলে পর্যালোচনায় দেখতে পেয়েছে দুদক।
“অনেকে বলে, হুন্ডি করে যায়, হুন্ডি করে এত টাকা যেতে পারে না, সেটা আমার ধারণা। যায় ট্রেড বেইজড মানিলন্ডারিংয়ে।”
দেশ থেকে অর্থ পাচারের একটি পথ হচ্ছে পণ্য আমদানির ক্ষেত্রে ওভার ইনভয়েস দেখানো। অর্থাৎ যে দামে পণ্য কেনা হচ্ছে, তার চেয়ে বেশি দাম দেখিয়ে বাড়তি অর্থ বিদেশে পাচার হয়। আবার যে পণ্য আমদানি হওয়ার কথা, তার বদলে কম দামি পণ্য আনা অথবা খালি কন্টেইনার আনার ঘটনাও দেশে ধরা পড়েছে কখনও কখনও।
আবার পণ্য রপ্তানিতে আন্ডার ইনভয়েসের মাধ্যমেও অর্থ পাচার হয়। যে পণ্যের দাম ১০০ ডলার, ক্রেতার সঙ্গে বোঝাপড়া করে তা ৭০ ডলার দেখিয়ে রপ্তানি করেন ব্যবসায়ী। বাকি ৩০ ডলার তিনি বেদিশে সেই ক্রেতার কাছ থেকে নিয়ে তা বিদেশেই রেখে দেন।
আইনি সীমাবদ্ধতার কারণে অর্থপাচর বন্ধে এখন ‘ঘুরিয়ে-পেঁচিয়ে’ ব্যবস্থা নিতে হচ্ছে মন্তব্য করে ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতির অনুসন্ধানে দুদক সম্পদের দিকে বেশি নজর দিচ্ছে। মুদ্রা পাচারকারীদের ঘোষিত আয়ের বাইরে যে সম্পদ, তার হিসাবে গড়মিল খুঁজে বের করছে।
তিনি অভিযোগ করেন, গুটিকয় ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীর কারণে ‘মুদ্রাপাচার’ হচ্ছে।
“যে যেভাবে যান না কেন, দুদকের হাত কিন্তু একেবারে ছোট না। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ভোগ করতে পারবেন না। আজকাল বা এক বছর পারবেন, কিন্তু এভাবে চলতে পারে না। যদিও মানিলন্ডারিং আমাদের সাবজেক্ট না, সেটা ঘুরিয়ে-পেচিয়ে আমাদের সাবজেক্ট বানাব।”
অনুষ্ঠানে কমিশনের দৃষ্টি আকর্ষণ করে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, “দুর্নীতি শুধু আর্থিক নয়, আমি চাকরি জীবনে দেখেছি, প্রাতিষ্ঠানিক দুর্নীতিও আছে। অটোমেটিক দুর্নীতি, আমি চাইলেও কিছু করতে পারব না। এমন কিছু কিছু ট্র্যাডিশন আছে, আমি না চাইলেও কোনো দিক থেকে হাওয়ায় চলে আসে। কোনো জিনিস না চেয়েও চলে আসে। এখানে সরাসরি কোনো লেনদেন নেই। সরাসরি অর্থ আমি পাইনি, কিন্তু উষ্ণতা পেয়েছি। এসব দুর্নীতি হবে কিনা জানি না।”
পুরস্কার
দুর্নীতিবিরোধী সাংবাদিকতার জন্য দৈনিক পত্রিকা ও টেলিভিশন ক্যাটাগরিতে ছয় সাংবাদিককে পুরস্কৃত করেছে দুদক।
পত্রিকা ক্যাটাগরিতে দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবু সালেহ রনি, যুগান্তরের নেছারুল হক খোকন, জনকণ্ঠের বিভাষ বাড়ৈ এবং টেলিভিশনে ক্যাটাগরিতে এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মাহবুব কবির চপল, মাছরাঙা টিভির বদরুদ্দোজা বাবু এবং এনটিভির এএসএম জহিরুল ইসলাম পুরস্কার পেয়েছেন।
অন্যাদের মধ্যে দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, দুদক সচিব শামসুল আরেফিন, পুরস্কার নির্ধারণ জুরি বোর্ডের সদস্য মনজুরুল আহসান বুলবুল, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর অনুষ্ঠানে বক্তব্য দেন।
