কারমাইকেলের অধ্যক্ষ-উপাধ্যক্ষ ওএসডি
রংপুরের কারমাইকেল কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে সরিয়ে দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মঙ্গলবার এক আদেশে কলেজটির অধ্যক্ষ মো. আব্দুল লতিফ মিয়া এবং উপাধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাককে ওএসডি করে আদেশ জারি করেছে।
শিক্ষা ক্যাডারের এই দুই কর্মকর্তাকে অবসর গ্রহণের সুবিধার্থে ওএসডি করার কথা আদেশে বলা হলেও শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতের অভিযোগ পাওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
অনিয়ম, দুর্নীতি ছাড়াও শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে কারমাইকেল কলেজের শিক্ষকরা অধ্যক্ষ আব্দুল লতিফের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে আন্দোলন করছেন।
মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, আবদুল লতিফ মিয়া আগামী অগাস্টে এবং আব্দুর রাজ্জাক আগামী জুন মাসে অবসরে যাবেন।
রেওয়াজ অনুযায়ী, অবসরে যাওয়ার কিছু দিন আগে সরকারি কর্মকর্তাদের ওএসডি করা হয়।
