২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির দিনে ঢাকার রাস্তায় বাসের চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

স্বাধীনতা দিবসের সরকারি ছুটির দিনে রাজধানীর বিমান বন্দর সড়কে দুর্ঘটনায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 06:28 PM

Updated : 11 Oct 2022, 12:13 PM

সোমবার বিকাল ৫টার দিকে শেওড়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনায় পড়েন ইসরাত জাহান রিপ্তি ও তার মামা লিটন।

দুর্ঘটনায় গুরুতর আহত লিটনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

রিপ্তি ঢাকা সেনানিবাস এলাকার শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম জহির উদ্দিন। বাসা নিকুঞ্জ-২ আবাসিক এলাকার এক নম্বর সড়কে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন মোটর সাইকেলে করে বিমান বন্দরের দিকে যাচ্ছিলেন। এ সময় বলাকা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে রিপ্তি রাস্তায় ছিটকে পড়েন। পরে ওই বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আসিফ ইকবাল কয়েকজনের সহায়তায় আহত লিটনকে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি জানান, মোটর সাইকেলটিকে ধাক্কা দেওয়ার পর বাস না থামিয়ে চলে যাচ্ছিলেন চালক। 

"ধাক্কা লেগে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মেয়েটি। বাসের চাকায় তার মাথা পিষ্ট হয়। ছেলেটির শরীর বাসের সঙ্গে আটকে থাকে। এ অবস্থায় প্রায় একশ গজ তাকে টেনে নিয়ে যায়। সবাই মিলে বাস থামিয়ে বাসের নিচ থেকে তাকে টেনে বের করে হাসপাতালে নিয়ে আসি। "

দুর্ঘটনার খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতালে ছুটে আসেন রিপ্তির স্বজনরা।

সেখানে তার আরেক মামা রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কচুক্ষেতে প্রাইভেট পড়তে গিয়েছিল রিপ্তি। পড়া শেষে মামার সঙ্গে মোটর সাইকেলে করে বাসায় ফিরছিল। 

খিলক্ষেত থানার এসআই সহিদুল ইসলাম জানান, বাসটি আটক করা হয়েছে।