দেশে আসছে ২৩ মরদেহ, আর্মি স্টেডিয়ামে জানাজা
নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২৩ জনের মরদেহ দেশে আনার পর ঢাকায় আর্মি স্টেডিয়ামে তাদের জানাজা হবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আলমগীর কবির জানান, বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে ওই ২৩ বাংলাদেশির কফিন ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
সোমবার বেলা ৩টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিমানটি। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিহতদের মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন বলে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের জানান।
এরপর কফিন নিয়ে যাওয়া হবে আর্মি স্টেডিয়ামে। সেখানে বিকাল ৪টায় হবে জানাজা। মরদেহ হস্তান্তরের জন্য স্বজনদের ওই সময়ই উপস্থিত থাকতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আর্মি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বলে আইএসপিআর পরিচালক সকালে জানিয়েছিলেন। তবে পরে পরিকল্পনায় পরিবর্তন আনা হয় বলে বিকালে তিনি জানান।
নিহতদের মধ্যে ২৩ জনের মরদেহ শনাক্ত করার পর নেপালি কর্তৃপক্ষ কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর করে। তাদের কফিন সোমবার সকালে নিয়ে যাওয়া হয় দূতাবাস প্রাঙ্গণে।
নেপালে বসবাসরত বাংলাদেশি, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং ইউএস-বাংলার উপস্থিত কর্মকর্তারা সেখানে জানাজায় অংশ নেন। পরে মরদেহ দেশে আনার জন্য পাঠানো হয় ত্রিভুবন বিমানবন্দরে। বিমানবাহিনীর কার্গো এয়ারক্রাফট কফিন নিয়ে রওনা হয় বাংলাদেশ সময় বেলা আড়াইটার দিকে।
এই ২৩ জনের মধ্যে পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশীদ এবং কেবিন ক্রু খাজা হোসেন মো. শফি ও শারমিন আক্তার নাবিলা রয়েছেন।
আর যাত্রীদের মধ্যে ফয়সাল আহমেদ, বিলকিস আরা, বেগম হুরুন নাহার বিলকিস বানু, আখতারা বেগম, নাজিয়া আফরিন চৌধুরী, রকিবুল হাসান, হাসান ইমাম, আঁখি মনি, মিনহাজ বিন নাসির, ফারুক হোসেন প্রিয়ক, তার মেয়ে প্রিয়ন্ময়ী তামারা, মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহিরা তানভিন শশী রেজা, বেগম উম্মে সালমা, মো. নুরুজ্জামান, রফিক জামান, তার স্ত্রী সানজিদা হক বিপাশা, তাদের ছেলে অনিরুদ্ধ জামানের মরদেহ আসছে দুপুরে।
রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। ছবি: সময় টিভির স্ক্রিনশট
নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস সোমবার সকালে বলেন, ওই তিন বাংলাদেশির মধ্যে আরও একজনের লাশ শনাক্ত করা হয়েছে, তবে নেপালি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
“আজ ডিক্লেয়ার হয়ে গেলে আমরা চেষ্টা করব… কাল হয়ত পারব না, পরশু বিমানের ফ্লাইটে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। বাকি দুজনের মরদেহ পাঠানো বিষয়টা নির্ভর করবে শনাক্ত করতে কতদিন লাগে তার ওপর। শনাক্ত হলে আমরা একই প্রক্রিয়ায় পাঠিয়ে দেব।”
নেপালে অবস্থানরত বাংলাদেশ চিকিৎসক দলের সদস্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের অধ্যাপক সোহেল মাহমুদ এর আগে জানিয়েছিলেন, চিহ্ন দেখে বা অন্যভাবে ওই তিনজনকে শনাক্ত করা না গেলে ডিএনএ পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে।
রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানান, নেপালে থাকা নিহতদের স্বজনদের নিয়ে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বেলা দেড়টার দিকে ঢাকার পথে রওনা হয়েছে।
ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া দশ বাংলাদেশির মধ্যে যে দুজন এখনও কাঠমান্ডুর হাসপাতালে আছেন, তাদের মধ্যে কবির হোসেনকে ইউএস-বাংলার ওই ফ্লাইটেই দেশে পাঠানো হয়েছে।কাঠমান্ডতে অবস্থানরত বাংলাদেশি চিকিৎসকরাও একই সঙ্গে ফিরছেন।
আর নরভিক হাসপাতালে থাকা ইয়াকুব আলীকে চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে নিয়ে গেছে তার পরিবার।
