২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটায় নিয়োগকৃতদের তালিকা চায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড

কোটা সংস্কারের দাবিতে চাকরিপ্রার্থীদের আন্দোলনের মধ্যে সব প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী ও নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2018, 04:53 PM

Updated : 11 Oct 2022, 12:12 PM

রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান এ দাবি জানিয়ে বলেন, “মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়কে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে কতজন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পোষ্য নিয়োগ পাবেন, কতজন আবেদন করেছেন, কতজন উত্তীর্ণ হয়েছে এবং নিয়োগ পেয়েছে তা জানাতে হবে।”

একই সঙ্গে চাকরির নিয়োগ পরীক্ষায় প্রিলিমিনারি থেকে সব পর্যায়ে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা অনুসরণের দাবিও জানান তিনি।

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনাসহ পাঁচদফা দাবিতে ঢাকাসহ সারাদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সাধারণ ছাত্রঅধিকার সংরক্ষণ পরিষদ।

তাদের অন্য দাবির মধ্যে রয়েছে- কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা, নিয়োগপরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা।

এসব দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের মধ্যে সর্বশেষ গত বুধবার জনপ্রশাসন মন্ত্রনালয়ে স্মারকলিপি দিতে চাকরিপ্রার্থীদের একটি মিছিল হাইকোর্টের মোড়ে গেলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তাদের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে রোববার সারাদেশে সাধারণ ছাত্রঅধিকার সংরক্ষণ পরিষদের ডাকা বিক্ষোভ কর্মসূচির দিনে সংবাদ সম্মেলনে আসে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

সংবাদ সম্মেলনে সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান ছয়টি দাবি তুলে ধরেন। দাবি আদায় না হলে মানববন্ধন, বিক্ষোভ, মতবিনিময় এবং মুক্তিযোদ্ধা সন্তান ও পোষ্যদের মহাসমাবেশ করার ঘোষণা দেন তিনি।

মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতিসহ মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন প্রণয়ন, কোটা সংস্কার দাবিতে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা, বিসিএসসহ সব চাকরি নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় বোর্ড সদস্য হিসাবে আনুপাতিক হারে মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি সদস্য রাখা এবং বেসরকারি স্কুল-কলেজেও ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা ব্যবস্থা করা সন্তান কমান্ডের অন্য দাবির মধ্যে রয়েছে।

প্রিলিমিনারি থেকে কোটা প্রয়োগের বিষয়ে যুক্তি তুলে ধরে মেহেদী হাসান বলেন, “প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষায় পাস করলে তবেই প্রার্থী কোটার সুবিধা পান। অর্থাৎ তাকে মেধার সঙ্গে প্রতিযোগিতা করে আসতে হচ্ছে, যা কোটা প্রবর্তনের মূল স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।”

কোটার পদ ‘মেধা কোটা’ থেকে পূরণ করায় কোটাধারীরা কোটার সুযোগ পাচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, “পূর্ববর্তী বছরের নিয়োগ পরীক্ষায় কোটা সংরক্ষিত পদ পরবর্তী পরীক্ষায় সংশ্লিষ্ট ক্যাডারের মোট শূন্য পদের সঙ্গে যুক্ত হয়ে পূর্ববর্তী কোটার পদও সংশ্লিষ্ট ক্যাডারের মেধার মাধ্যমে পূরণ করা হয়। এক্ষেত্রে শুধু নতুন কিছু পদ পুনরায় কোটার পদ হিসাবে সংরক্ষিত হয়। কিন্তু পুরোনো পদগুলোর অধিকাংশই সংশ্লিষ্ট ক্যাডারের মেধা কোটায় যুক্ত হয়ে যায়।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল মামুন, কেন্দ্রীয় প্রজন্ম কমান্ডের যুগ্ম মহাসচিব হাবিবুল্লাহ মিছবাহ উপস্থিত ছিলেন।