প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার
ঢাকার পরিবাগে প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।
রেজাউর রহমান (৩৮) নামে ওই ব্যক্তিকে বুধবার রাতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “পরিবাগে সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেয়ে অভিযানের সময় রেজাউর দৌড়ে পালাতে গেলে তাকে ধরে ফেলা হয়। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর তাকে গ্রেপ্তার করা হয়।”
রেজাউরকে তল্লাশি করে তিন রাউন্ডগুলিসহ একটি বিদেশি পিস্তল পাওয়া যায় বলে র্যাব জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “রেজাউর কখনও উচ্চ পদস্থ কর্মকর্তা, কখনও মন্ত্রীদের নিকটাত্মীয় পরিচয় দিয়ে ফোন করে সুযোগ সুবিধা গ্রহণ করত। এছাড়া বেকার যুবকদের চাকরি, টেন্ডার পাইয়ে দেওয়াসহ অবৈধভাবে জমি দখল করার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।”
