হাতুড়িপেটায় নারী নিহত, সন্দেহ মাদকাসক্ত ছেলেকে
ঢাকার ভাটারায় মাদকাসক্ত এক যুবক তার মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ।
নিহতের নাম সালমা আক্তার (৬৫)। তার ছেলে শরিফুল আলম ঘটনার পর থেকে পলাতক।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ভাটারার জোয়ার সাহারায় ভাই ভাই হোটেলের পাশের গলির বাসায় এই ঘটনা।
ভাটারা থানার এসআই আলী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই ছেলেকে নিয়ে সালমা আক্তার এই বাসায় থাকতেন।
“শরিফুল আলম তার ছোট ছেলে। সে মাদকাসক্ত। কিছুদিন আগে সে কারাভোগ করে বাসায় ফিরেছে।”
এই পুলিশ কর্মকর্তা বলেন, “সোমবার সকালে কাজে সালমা আক্তারের বড় ছেলে বাসা থেকে বের হয়ে যায়। সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে একটি ঘরে মাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। অন্য ঘরে রক্তাক্ত হাতুড়িটি পড়েছিল।”
ঘরে ফিরে শরিফুলকে না দেখলেও তাকেই সন্দেহের কথা পুলিশকে জানিয়েছেন তার ভাই।
এসআই হাসান বলেন, “শরিফুল মাদকের জন্য তার মায়ের কাছে টাকা চাইত, না পেলে নানাভাবে অত্যাচার করত বলে সালমা আক্তারের বড় ছেলে জানিয়েছে।”
পুলিশ শরিফুলকে খুঁজছে বলে জানান তিনি।
