ক্লাসে কথা বলা শিখতে হয়েছিল হার্ভার্ডে গিয়ে: রওনক জাহান
পঞ্চাশ বছর আগে নিজের স্নাতকোত্তর পাসের সময়ের তুলনায় অনেক পরিবর্তন হলেও এখনও নারীদের বহু বাধা পেরোতে হবে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান।
রোববার বেসরকারি নারী বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সমাবর্তন বক্তৃতায় তিনি ষাটের দশকে নিজের বাধা টপকানোর গল্পও শোনান শিক্ষার্থীদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের সাবেক এই অধ্যাপক বলেন, “আজকে যে সকল সুযোগ-সুবিধা বিদ্যমান তার অনেক কিছুই আমরা যখন পঞ্চাশ বছর আগে স্নাতক ডিগ্রি অর্জন করি, তখন ছিল না। কিন্তু এখনও অনেক বাধা পেরোতে হবে।”
ওই সময়ে দেশে নারীদের সামনে নানা প্রতিবন্ধকতা কীভাবে বিদেশে মাটিতে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল তার বর্ণনাও অনুষ্ঠানে দেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা প্রথম বাংলাদেশি এই নারী।
তিনি বলেন, “হার্ভার্ডে কাটানো চারটি বছর ছিল খুবই চ্যালেঞ্জিং। কারণ আামকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা সবচেয়ে ভালো ও মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছিল। চ্যালেঞ্জগুলো ছিল বহুমাত্রিক। জীবনে প্রথমবারের মতো ইংরেজিতে কথা বলার অভ্যাস করতে হয়েছিল। এটি আমার জন্য কঠিন ছিল, কারণ দেশে আমি বাংলা মাধ্যমে পড়েছি।
“ক্লাসে কথা বলতে হয়, তা হার্ভাডে আমাকে শিখতে হয়েছিল, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ক্লাসে মেয়েরা সাধারণত চুপ করে বসে থাকত।”
১৯৬৫ সালে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া রওনক জাহান ১৯৭০ সালে সেখান থেকে পিএইচডি করেন। এরপর সেখানে সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও কেনেডি ইনস্টিটিউটে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কাজ করেন। তিনি ১৯৯১ থেকে ২০১০ সাল পর্যন্ত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিনিয়র রিসার্চ ফেলো ছিলেন।
১৯৭০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগে শিক্ষকতায় থাকা রওনক জাহান বর্তমানে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় রিসার্চ ফেলো।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তনে নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক বক্তৃতা করেন রওনক জাহান।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে শোনা ‘স্কাই ইজ দ্য লিমিট অর্থাৎ আকাশ হচ্ছে সীমানা’ স্লোগান তার ‘সারাজীবন পাথেয় হয়ে থেকেছে’ উল্লেখ করে তিনি বলেন, “আমি এমন একটি সমাজে বেড়ে উঠেছি যেখানে আমাকে সবসময় শুনতে হয়েছে, মেয়েরা পারে না। আমার আকাঙ্ক্ষা ও সুযোগে পথে সমাজ অনেকগুলো বাধা তৈরি করেছিল।
“তাই হার্ভার্ডে গিয়ে ‘স্কাই ইজ দ্য লিমিট’ শোনা মাত্রই তা মাথায় গেঁথে গেল। কথাটিকে অন্যভাবে বললে দাঁড়ায়, আমার ইচ্ছা বা আকাঙ্ক্ষার কোনো সীমা-পরিসীমা নেই। যতক্ষণ আমার আকাঙ্ক্ষার সফল বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে লেগে থাকতে হবে।”
হার্ভার্ডের ‘সিংক অর সুইম’ কথাটিও তার মধ্যে গভীরভাবে রেখাপাত করেছিল উল্লেখ করেন অধ্যাপক রওনক জাহান বলেন, “কথাটির অর্থ হলো তোমাকে অবশ্যই শিখতে হবে কীভাবে ভেসে থাকতে হয়, অন্যথায় তুমি ডুবে যাবে। তাই স্নাতক ডিগ্রিপ্রাপ্তদের উদ্দেশে আমার উপদেশ- মনে রাখবে, তোমাদের আকাঙ্ক্ষা হতে হবে আকাশসম।”
দেশের শ্রমবাজারে আমূল পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, এখন এমন কোন পেশা নেই যেখানে নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে না। এদেশের নারী আজ সরকারি প্রশাসন থেকে শুরু করে পুলিশ ও সেনাবাহিনীতে কর্মরত আছে। তারা উড়োজাহাজের পাইলট থেকে শুরু করে রেলগাড়ির চালক পর্যন্ত হচ্ছে।
“১৯৭০ সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন মেয়েদের কদাচিৎ রাস্তায় হাঁটতে দেখা যেত। এখন প্রতিদিন সাত সকালে বা সন্ধ্যায় রাস্তায় হাজার হাজার নারীকে হাঁটতে দেখা যায়। তারা সব শ্রমজীবী নারী।”
অধিকারের পক্ষে নারীদের সোচ্চার থাকার আহ্বান জানিয়ে রওনাক জাহান বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নারীর উপার্জন ও সম্পদের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। এখন সময় ও পরিবার কাঠামোয় অনেক পরিবর্তন এসেছে। নারীরা আর পরিবারের অন্যান্যদের উপর নির্ভরশীল হতে পারছে না।”
সমাবর্তনের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসাবে ১২৫জন ছাত্রীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সভাপতির বক্তৃতায় তিনি বলেন, নারীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। সেটার ফলও পাওয়া যাচ্ছে।
প্রাথমিক ও মাধ্যমিকে সংখ্যানুপাতে ছাত্রীদের এগিয়ে থাকার ধারাবাহিকতায় উচ্চশিক্ষাতেও নারীদের সম উপস্থিতি নিশ্চিত করার কথা বলেন নাহিদ। তিনি আশা প্রকাশ করেন, আগামী ছয় বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র-ছাত্রীর সংখ্যায় সমতা আনা সম্ভব হবে।
শিক্ষামন্ত্রী বলেন, “কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারে নাই। এভাবে আপনারা আর বেশিদিন চলতে পারবেন না।
“যেসব বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ তৈরি না করে মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চায়, নানাভাবে চাপ দিয়েও তাদের শর্ত মানতে আগ্রহী করা যায়নি। এখন তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই।”
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাব্যয় সহনীয় পর্যায়ে রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ভর্তি ও টিউশন ফিসহ সকল প্রকার ব্যয় নির্ধারণের সময় যেন দেশের মানুষের সক্ষমতা ও জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করা হয়।
সমাবর্তনে অন্যদের মধ্যে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী জাহিদুল হাসান, উপাচার্য অধ্যাপক পারভীন হাসান বক্তব্য দেন।
