প্রতিবাদী কর্মসূচিতে গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা
চাকরি করে স্থায়ী করাসহ ১৩টি দাবিতে ঢাকায় কর্মসূচি পালন করেছেন গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচিতে ব্যাংকটির সারা দেশ থেকে আসা কয়েকশ কর্মচারী অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্যে রফিকুল ইসলাম নামের এক কর্মী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে গ্রামীণ ব্যাংকে পিয়ন কাম গার্ড হিসেবে কাজ করছি। চাকরি করার ৯ মাস পর স্থায়ীকরণের কথা নিয়োগ বিধিতে বলা থাকলেও আমাদের ক্ষেত্রে এ বিধান মানা হচ্ছে না।
“উপরন্তু আমরা গ্রামীণ ব্যাংক কর্মকর্তাদের দ্বারা ক্রমাগত হয়রানি, কারণ ছাড়াই কাজে যোগদানে বাধা প্রধান, বিনা বিশ্রামে ২৪ ঘণ্টাসহ নানা ধরনের অমানবিক আচরণের শিকার হচ্ছি। এমনকি গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ তাদের ব্যক্তিগত বাজার, কাপড় ধোয়া, ছেলেমেয়েদের স্কুলে নিয়ে যাওয়ার মতো কাজও আমাদের দিয়ে করায়। আমরা এ ধরনের অত্যাচার থেকে মুক্তি ও নিয়োগ বিধি অনুযায়ী চাকরি স্থায়ীকরণ চাই।”
তাদের দাবিতে সমর্থন জানিয়ে বাসদ নেতা রাজেকুজ্জামান রতন বলেন, “গ্রামীণ ব্যাংক কর্মচারীদের কর্ম ঘণ্টা সুনির্দিষ্ট করে তাদের মজুরি ও বেতন বৈষম্য দূর করতে হবে। তাদের চাকরিও স্থায়ী করতে হবে।”
অবস্থান কর্মসূচিতে সংহতি জানান জাতীয় শ্রমিক জোটের সভাপতি আবুল ওয়াহেদ, জাতীয় সমাজতান্ত্রিক ঐক্য পরিষদের সমন্বয়ক নাইমুল হাসান জুয়েল।
গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণির কর্মচারী পরিষদের সহ-সভাপতি নয়ন, সাধারণ সম্পাদক মিন্টু, ইরাদুল ইসলামও কর্মসূচিতে বক্তব্য রাখেন।
