নিরাপত্তা শঙ্কায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার জিডি
জীবনের নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশেদা সুলতানা।
বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিরাপত্তা হুমকিতে রয়েছেন বলে বুধবার রাশেদা সুলতানা জিডি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
জানতে চাইলে রাশেদা বলেন, “বুধবার আমার গাড়িতে উঠতে গেলে চাকা খুলে যায়। সেটা চলন্ত অবস্থায় ঘটলে বড় অঘটন ঘটতে পারতো। তাছাড়া বিমানবন্দরে সোনা চোরাচালান প্রায় বন্ধ হয়ে গিয়েছে বলে প্রায়ই মোবাইলে আমাকে মেরে ফেলার হুমকি শুনতে হচ্ছে।”
এজন্য নিরাপত্তা চেয়ে জিডি করতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।
