২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে চার দূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতির মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন মিশর, শ্রীলঙ্কা, ফিলিস্তিন ও চীনের দূত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 06:42 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

বুধবার মিশরের রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ শামসেলদিন, শ্রীলঙ্কার হাই কমিশনার এ ডব্লিইউ জে সি ডি সিলভা, ফিলিস্তিনের রাষ্ট্রদূত এস ওয়াই রামাদান, চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো পৃথকভাবে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল্য বৈশিষ্ট্য সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়।“

রাষ্ট্রপতি এসময় বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের ওপর জোর দেন। তিনি বলেন, বাংলাদেশ একটি উজ্জ্বল সম্ভাবনাময় দেশ। তিনি দূতদের এসব সম্ভাবনাকে পারস্পরিক স্বার্থে কাজে লাগাতে উদ্যোগী করার পরামর্শ দেন এবং একে অপরের উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান।

আবদুল হামিদ সংশ্লিষ্ট দেশগুলোর এবং বাংলাদেশের জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণে কাজ করতে দূতদের প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, দূতদের দায়িত্ব পালনকালে দেশগুলোর সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক বহুমাত্রিক ভিন্নতা পাবে।

চার দূত এসময় দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোতিা চান এবং আশা করেন দায়িত্বপালনকালে তাদের দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।
এর আগে চার দূত বঙ্গভবনে পৌঁছানোর পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি প্রতিনিধি দল তাদের পৃথকভাবে গার্ড অব অনার দেয়।