২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ মার্চের ভাষণের স্বীকৃতির সনদ পেল ৫ প্রতিষ্ঠান

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত হওয়ার সনদ দেশের পাঁচটি প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 11:18 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর, তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ও বাংলাদেশ বেতার এবং তথ্য ও প্রযুক্তি বিভাগ তা পেয়েছে।

গণভবনে মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে শেখ হাসিনা এই সনদ তুলে দিয়ে বলেন, “এই ভাষণ এখনও আমাদের উজ্জীবিত করে। এই ভাষণের আবেদন এখনও মুছে যায়নি।”

বাবার ভাষণকে অনন্য দৃষ্টান্ত অভিহিত করে শেখ হাসিনা বলেন,“জাতির পিতার এই ভাষণ বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং আত্মত্যাগ সমগ্র বিশ্বে মর্যাদা পেয়েছে।

“এখন কেউ বলতে পারবে না; বাঙালি ভিক্ষা চেয়ে চলবে, হাত পেতে চলবে। কেউ এখন আর করুণা করতে পারবে না।”

৭ মার্চের ভাষণকে মুক্তিকামী মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ভাষণ হিসাবেও উল্লেখ করেন শেখ হাসিনা।

“এই ভাষণ কত দিন, কত ঘণ্টা, কত মিনিট বেজেছে? তা কেউ হিসাব করে বের করতে পারবে না।”

ইউনেস্কো তাদের মেমোরি অব দ্য ওয়ার্ল্ড (এমওডব্লিউ) কর্মসূচির ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি গত ২৪ থেকে ২৭ অক্টোবর প্যারিসে দ্বিবার্ষিক বৈঠক শেষে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ মোট ৭৮টি দলিলকে এবার ‘ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত করার সুপারিশ দেয়।

এরপর সংস্থার মহাপরিচালক ইরিনা বোকোভা ওই সুপারিশে সম্মতি দিয়ে বিষয়টি ইউনেস্কোর নির্বাহী পরিষদে পাঠিয়ে দেন এবং গত ৩০ অেক্টোবর আনুষ্ঠানিকভাবে সেই তথ্য প্রকাশ করেন। 

গণভবনের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে ট্রাস্টি বোর্ডের সদস্য মফিদুল হক, রবিউল হুসাইন, আলী যাকের, সারা যাকের, আসাদুজ্জামান নূর প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করেন।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সনদটি গ্রহণ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য সচিব মো. নাসির উদ্দিন আহমেদ এবং আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্র নাথ হালদার।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য সচিব মো. নাসির উদ্দিন আহমেদ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন নিজ দপ্তরের পক্ষে সনদ গ্রহণ করেন।

বাংলাদেশ বেতার পক্ষে মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ নেন।

তথ্য ও প্রযুক্তি বিভাগের সদনটি গ্রহণ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।