‘দুই লাখ টাকা দিয়ে’ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ৩ ছাত্র ধরা
দুই লাখ টাকার বিনিময়ে অন্যকে দিয়ে পরীক্ষা দিইয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ সেশনে ভর্তি হওয়া তিন শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে প্রশাসন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করায় এই তিন শিক্ষার্থীকে কোতোয়ালি সোপর্দ করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অন্যকে দিয়ে পরীক্ষায় দিইয়ে ‘চান্স পাইয়ে’ দেওয়ায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র সাইদকে প্রত্যেকে দুই লাখ টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন ওই তিন শিক্ষার্থী।
এরা তিনজনই বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা ও আইটি শাখার ছবিতে গরমিল ধরা পড়ে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে যে অন্য একজনের ছবি, আর বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের জন্য আবেদনে এই শিক্ষার্থীর ছবি পাওয়া যায়।
এরপর তিনজনকে আটকে জিজ্ঞাসাবাদ করলে তারা ভর্তি পরীক্ষায় অন্য একজনের অংশগ্রহণের কথা স্বীকার করে। পরে তাদের তাদের মোবাইল ও মূল সনদপত্র জব্দ করে থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রক্টরের সাথে তিনজনের বিষয়ে কথা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এদের কোর্টে চালান দিতে হবে, সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হতে পারে।”
একই ‘অপরাধে’ গত রোববার এলিন শেখ নামে লোক প্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থীকে আটক করে পুলিশে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
