২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বারে সভাপতি বিএনপির, সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগের

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২৭টি পদের মধ্যে ১৪টিতে বিজয়ী হলেও সভাপতি পদটিতে জিতেছে বিএনপি সমর্থিত প্যানেল।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2018, 05:58 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেল মোট ১৩টি পদে জয়ী হয়েছে।

শনিবার মধ্যরাতে ভোট গণনা শেষে এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার আব্দুল মান্নান ফলাফল ঘোষণা করেন।

এবার নির্বাচনে ভোটগ্রহণ শেষে গত ১ মার্চ গণনার সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি, মারামারি হয়েছিল। তখন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মান্নান আহতও হন। এরপর পুনঃগণনা শেষে ফল ঘোষণা করা হয়।

নীল প্যানেলের সভাপতি প্রার্থী গোলাম মোস্তফা খান ৪ হাজার ৮১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের প্রার্থী আব্দুর রহমান হাওলাদার।

সাদা প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী সাধারণ মো. মিজানুর রহমান মামুন ৪ হাজার ৮১২ ভোট পেয়ে নীল প্যানেলের প্রার্থী হোসেন আলী খান হাসানকে পরাজিত করেন।

সাদা প্যানেলের বিজয়ী অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি কাজী শাহানারা ইয়াছমিন, সহ-সভাপতি মো. রুহুল আমিন, ট্রেজারার আরিফুর রহমান চৌধুরী সুমন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহ-সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন পাটোয়ারী, দপ্তর সম্পাদক আব্দুর রশিদ ও লাইব্রেরী সম্পাদক এম মনিরুজ্জামান মনির এবং সদস্য আব্দুর রব খান পল্লব, আসাদুজ্জামান বাবু, মো. সাইফুজ্জামান টিপু, সুমন মিয়া, মির্জা মো. জামাল হোসেন ও সিফাত নাহার সুমি।

নীল প্যানেলের বিজয়ী অন্যরা হলেন, সাংস্কৃতিক সম্পাদক শাহনাজ বেগম শিরীন, সমাজ কল্যাণ সম্পাদক এমএবিএম খায়রুল ইসলাম লিটন, খেলাধুলা সম্পাদক মোহাম্মাদ খলিলুর রহমান এবং সদস্য একতানদার হোসেন হাওলাদার বাপ্পি, হান্নান ভুইয়া, জাকিয়া সুলতানা মিষ্টি, মো. মুকতাদির আহমেদ কাজল, মো. জাহেদ উল আলম জতি, মেহেদী হাসান বাদল, জেবুন্নেছা খানম জীবন, শারমিন জাহান শিমু ও জহুরা খাতুন জুঁই।

দুদিনব্যাপী এই নির্বাচনে গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হয়। মোট ১৬ হাজার ১২৯ জন ভোটারের মধ্যে ৯ হাজার ১১ জন আইনজীবী ভোট দেন।

এরপর গত ১ মার্চ রাত ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। তখন স্থগিত করা হয় গণনা।

এরপর নির্বাচনের প্রার্থী, সমিতির বর্তমান ও সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠকে বসেন নির্বাচন কমিশনের সদস্যরা। এরপর তারা পুনরায় ভোট গণনার সিদ্ধান্ত দেন।

এবারের নির্বাচনে মোট ২৭টি পদে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নীল ও সাদা প্যানেলের ৫৪ জনের বাইরে একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

গতবারের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১ জন বিজয়ী হয়েছিলেন।

পুরনো খবর:

ঢাকা বারের ভোট গণনা ফের শুরু শনিবার